সাভারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের শাহীবাগ এলাকায় গতকাল শনিবার ভোরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে ২১ লাখ টাকা, ৭০ ভরি স্বর্ণালংকার এবং লাইসেন্স করা শটগানের পাঁচটি গুলি লুট করে নিয়ে গেছে৷
ওই ব্যবসায়ীর নাম কামাল হোসেন। তিনি সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। উপজেলা পরিষদের ভবন নির্মাণের ঠিকাদারি কাজের বিল পেয়ে তিনি ২১ লাখ টাকা বাসায় রেখেছিলেন।
সাভার মডেল থানার পুলিশ ও ডাকাতির শিকার হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডাকাতেরা গতকাল ভোর চারটার দিকে কামাল হোসেনের তিনতলা বাড়ির দ্বিতীয় তলার গ্রিল কেটে ভেতরে ঢোকে। এরপর তারা বিভিন্ন কক্ষ তছনছ করে কামালের কক্ষের সন্ধান না পেয়ে পানির পাম্প ছেড়ে দেয়। পানির ট্যাংকি ভর্তি হওয়ার পর পানি বাইরের পড়ার শব্দ শুনে কামাল জেগে ওঠেন এবং পাম্প বন্ধ করার জন্য দরজা খোলেন৷ এ সময় ডাকাতেরা তাঁকে এবং তাঁর পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ২১ লাখ টাকা, ৭০ ভরি স্বর্ণালংকার এবং লাইসেন্স করা একটি শটগানের পাঁচটি গুলি লুট করে নিয়ে যায়।
কামাল হোসেন বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা দেখে রাত দেড়টার তিনি ঘুমিয়ে পড়েন। এর আগেই তিনি পানির পাম্প বন্ধ করেন। কিন্তু পানির শব্দে ঘুম ভেঙে যাওয়ায় কিছু বুঝে ওঠার আগেই তিনি দরজা খোলেন। এরপর ডাকাতেরা তাঁকেসহ তাঁর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে৷ তিনি বলেন, ‘আমার কাছে অস্ত্র আছে—বিষয়টি জানার কারণেই ডাকাতেরা দরজা ভেঙে আমার কক্ষে প্রবেশের ঝুঁকি না নিয়ে কৌশলে আমাকে বের করেছে৷’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি চক্র ইদানীং ভোরের দিকে বিভিন্ন মহল্লায় ডাকাতি করছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷