সাভারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৭০ ভরি স্বর্ণ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের মধ্য গেন্ডা এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ৭০ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুট করে নেয়। এ ব্যাপারে গৃহকর্তা ব্যবসায়ী মো. চাঁন মিয়া গতকাল মামলা করেছেন।পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ডাকাতেরা বাড়ির সীমানাদেয়াল টপকে ভেতরে ঢুকে মূল ফটকের তালা ভেঙে ফেলে। পরে তারা ভবনের নিচতলার কেঁচিগেট ভেঙে দ্বিতীয় তলায় ওঠে। ডাকাতেরা গাছের গুঁড়ি দিয়ে দ্বিতীয় তলার কাঠের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। শব্দ পেয়ে চাঁন মিয়ার ঘুম ভেঙে যায়। এ সময় ডাকাতেরা দরজা ভেঙে তাঁকে আটক করে। এরপর তাঁর কক্ষে থাকা আলমারি থেকে ওই স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়। চাঁন মিয়া জানান, ডাকাত ২৫ থেকে ৩০ জন হলেও ঘরের ভেতরে ঢুকেছিল ১২ জন। তাদের কাছে চাপাতি, কিরিচ ও ছোরা ছিল। ডাকাতেরা বাড়ির ভেতরে ঢুকেই সরাসরি তাঁর কক্ষে গিয়ে আলমারি ভেঙে ফেলে। তাঁর বড় ছেলে মো. সেলিম পাশের কক্ষ থেকে মুঠোফোনে বিষয়টি এলাকাবাসীকে জানান। এলাকার লোকজন মাইকে ঘোষণা দিয়ে তাঁদের বাড়ির দিকে রওনা হলে ডাকাতেরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত পালিয়ে যায়।