সাভারে ব্যবসায়ীর মৃত্যু নিয়ে রহস্য, গ্রেপ্তার ১
ঢাকার সাভারের হেমায়েতপুরে গতকাল রোববার আবদুল কাদের নামে এক ব্যবসায়ী মারা গেছেন। পাওনা টাকার জন্য তাঁকে নিজ প্রতিষ্ঠানে আটকে রাখার কয়েক ঘণ্টা পর তিনি মারা যান। কাদেরের স্বজনেরা বলছেন, পাওনাদারেরা তাঁকে আটকে রেখে মারধর করেন।
কাদেরের বাড়ি যশোর সদর উপজেলার তালতলা গ্রামে। সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মোল্লা সিএনজি ফিলিং স্টেশনে তাঁর থাই গ্লাসের দোকান ছিল। সিএনজি স্টেশনের ব্যবস্থাপক মো. সেলিম ওই ব্যবসার অংশীদার ছিলেন। স্ত্রী, শাশুড়ি ও শ্যালকদের নিয়ে পাশের যাদুরচর গ্রামে থেকে কাদের সেখানে ব্যবসা করতেন। এ ঘটনায় মামলা হয়েছে। সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাদেরের খালাতো বোন সালমা বেগম বলেন, গতকাল সকাল ১০টার দিকে কাদের তাঁর মুঠোফোনে কল করে সেলিম তাঁকে দোকানের ভেতরে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে রেখেছেন বলে জানান। তাঁর কিছু হলে সেলিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানান তিনি। এরপর আর তাঁর সঙ্গে মুঠোফোনে কথা বলতে পারেননি তিনি। মুঠোফোনে না পেয়ে তিনি ছেলে মেহেদী হাসানকে ঘটনাস্থলে পাঠান।
মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনি তাঁর মামার (কাদের) দোকান বন্ধ পান। তখন মোল্লা সিএনজি স্টেশনে কেউ ছিলেন না। এরপর এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মামাকে মৃত অবস্থায় পান। মেহেদী আরও বলেন, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে সেলিম তাঁর মামাকে মারধর করে দোকানের ভেতরে আটকে রাখেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এনাম মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা বলেন, হাসপাতালে আনার পথেই কাদের মারা যান। প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার কয়েক ঘণ্টা পর বেলা একটার দিকে সিএনজি স্টেশনে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘটনার পরপরই সেলিমসহ স্টেশনের লোকজন গা-ঢাকা দিয়েছেন বলে স্থানীয় লোকজন জানান।
কাদেরের শাশুড়ি সুফিয়া বেগম বলেন, গত বৃহস্পতিবার কাদের প্রথম কন্যাশিশুর বাবা হন। এ কারণে তিন দিন তাঁর দোকান বন্ধ ছিল। গতকাল তিনি (কাদের) দোকানে যান।
সাভার মডেল থানার এসআই তন্ময় কুমার বিশ্বাস বলেন, সেলিমসহ আরও কিছু লোক কাদেরের কাছে টাকা পাওনা ছিলেন। গতকাল সকালে দোকানে যাওয়ার পর তাঁরা কাদেরকে দোকানের ভেতরে আটকে রাখেন। কাদের অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁকে মারধর করা হয়েছিল কি না, তদন্ত ছাড়া বলা মুশকিল। এসআই বলেন, সিএনজি স্টেশনের লোকজন গা-ঢাকা দিয়েছেন।