সাভারে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু
ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুরে আজ রোববার আবদুল কাদের নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পাওনা টাকার জন্য তাঁকে নিজ প্রতিষ্ঠানে আটকে রাখার কয়েক ঘণ্টা পর তিনি মারা যান বলে পরিবারের সদস্যদের অভিযোগ।
কাদেরের স্বজনেরা বলেন, টাকা আদায়ের জন্য পাওনাদারেরা তাঁকে আটকে রেখে মারধর করেন। এতে অসুস্থ হয়ে তিনি মারা যান। কাদেরের বাড়ি যশোর সদর উপজেলার তালতলা গ্রামে। সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মোল্লা সিএনজি ফিলিং স্টেশনের পাশে তাঁর থাই গ্লাসের দোকান। ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. সেলিম ওই ব্যবসার অংশীদার ছিলেন। স্ত্রী, শাশুড়ি ও শ্যালকদের নিয়ে পাশের যাদুরচর গ্রামে তিনি বসবাস করতেন।
কাদেরের খালাতো বোন সালমা বেগম বলেন, আজ সকাল ১০টার দিকে কাদের তাঁকে মুঠোফোনে জানান, সেলিম তাঁকে দোকানের ভেতরে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে রেখেছেন। তাঁর কিছু হলে সেলিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানান তিনি। এরপর তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে না পেরে তিনি ছেলে মেহেদি হাসানকে ঘটনাস্থলে পাঠান বলে জানান।
মেহেদি হাসান বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনি তাঁর মামার (কাদের) দোকান বন্ধ পান। তখন মোল্লা সিএনজি ফিলিং স্টেশনে কেউ ছিলেন না। এরপর এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মামাকে মৃত অবস্থায় পান। মেহেদি আরও বলেন, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে সেলিম তাঁর মামাকে মারধর করে দোকানের ভেতরে আটকে রাখেন। একপর্যায়ে তাঁর মামা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা বলেন, হাসপাতালে আনার পথেই কাদের মারা যান। প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার কয়েক ঘণ্টা পর রোববার বেলা একটার দিকে মোল্লা সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস বলেন, সেলিমসহ আরও বেশ কিছু লোক কাদেরের কাছে টাকা পান। আজ সকালে দোকানে যাওয়ার পর তাঁরা কাদেরকে দোকানের ভেতরে আটকে রাখেন। এ সময় কাদের অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁকে মারধর করা হয়েছিল কি না, তদন্ত ছাড়া বলা মুশকিল। এসআই আরও বলেন, ঘটনার পর সেলিমসহ ফিলিং স্টেশনের লোকজন গা ঢাকা দিয়েছেন। সেলিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।