সাভারে ভবনে ফাটল, দুটি কারখানা বন্ধ
ঢাকার সাভারের উলাইল এলাকার পাঁচতলা ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনার পর ভবনটিতে অবস্থিত দুটি পোশাক কারখানার কার্যক্রম গতকাল মঙ্গলবার থেকে সাময়িক বন্ধ রাখা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা অধিদপ্তরের পরিদর্শক আহমেদ জামিল বলেন, গত সোমবার ভবনটিতে ফাটলের বিষয়টি নজরে আসে। এরপর কারখানা দুটির মালিকপক্ষ কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এরপর গতকাল তিনিসহ অধিদপ্তরের প্রকৌশলীদের একটি দল সেখানে পরিদর্শনে যান। ভবনটি ঝুঁকিপূর্ণ কি না, তা যাচাই-বাছাইরে পর নিশ্চিত হওয়া যাবে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচতলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় কেএলডি অ্যাপারেলস লিমিটেড এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় প্রতীক অ্যাপারেলস লিমিটেড নামের দুটি পোশাক কারখানা রয়েছে। সব মিলিয়ে প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন। সোমবার বেলা দুইটার দিকে পঞ্চম তলার দক্ষিণ, পূর্ব ও পশ্চিম পাশের দেয়ালে ফাটল দেখা যায়। এরপর মালিকপক্ষ সাময়িকভাবে কারখানা দুটির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করে।
ফাটলের খবর শুনে সাভার পৌরসভার মেয়র আবদুল গণি ও পৌরসভার প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম গতকাল পরিদর্শনে যান। শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভবনটির দেয়ালে ফাটল দেখা দিলেও মূল কাঠামোতে তা দেখা যায়নি। ফলে ভবনটিকে ঝুঁকিপূর্ণ বলে মনে হয়নি। তবে বিশেষজ্ঞ প্রকৌশলীরা পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে চূড়ান্ত মতামত দিতে পারবেন।
প্রতীক অ্যাপারেলস লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. হাবিব বলেন, পরিদর্শনে আসা সংশ্লিষ্ট প্রকৌশলীদের মতামত অনুযায়ী ভবনটি ঝুঁকিপূর্ণ নয়। তারপরও শ্রমিক অসন্তোষের আশঙ্কায় কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তাঁরা।