সাভারে ভুল চিকিৎসায় ব্যবসায়ীর মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারের এক ব্যবসায়ী স্থানীয় ক্লিনিকে ভুল চিকিৎসার শিকার হয়ে নয় দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত শুক্রবার মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পেটে ব্যথা নিয়ে তিনি ওই ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। মৃত ব্যবসায়ীর নাম মো. সামসুল আলম। তিনি সাভার পৌর এলাকার নামাবাজারের ধনাঢ্য ব্যবসায়ী এবং ঘোষপাড়ার বাসিন্দা। পারিবারিক সূত্র জানায়, পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে ১ এপ্রিল দুপুরে সামসুল আলম সাভারের পার্বতীনগরে অবস্থিত নিউ দীপ ক্লিনিকে যান। ক্লিনিক কর্তৃপক্ষ তাঁকে মা ও শিশু রোগে অভিজ্ঞ চিকিৎসক নূরুল হাকিমের কাছে নিয়ে যান। নূরুল হাকিম তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেন। পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে কোনো ফল না পেয়ে সামসুল আলম ৩ এপ্রিল বেলা ১১টার দিকে আবারও নূরুল হাকিমের শরণাপন্ন হন। নুরুল হাকিম তাঁকে ক্লিনিকে ভর্তি করে নানা পরীক্ষা-নিরীক্ষা করান। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর গলব্লাডারে পাথর হওয়ার বিষয়টি নিশ্চিত করে তা দ্রুত অপসারণের পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী তিনি (সামসুল আলম) অপারেশন করে পাথর অপসারণে সম্মত হলে ৪ এপ্রিল বেলা একটায় ওই ক্লিনিকে তাঁর অপারেশন করা হয়। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী কাজী সোহেল ইকবাল তাঁর অপারেশন করেন। নূরুল হাকিমও ওই সময় সেখানে উপস্থিত ছিলেন। সামসুল আলমের ছোট ভাই খোরশেদ আলম জানান, ঘণ্টা তিনেক পরে অপারেশন থিয়েটার থেকে বের হয়েই কাজী সোহেল ইকবাল দ্রুত কয়েক ব্যাগ রক্ত সংগ্রহ করার কথা বলে চলে যান। ওই চিকিৎসকের পরামর্শে রক্ত সংগ্রহ করে দেওয়ার পরও তাঁর ভাইয়ের অবস্থার অবনতি হতে থাকে। এ অবস্থায় ওই দিন (৪ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে দ্রুত তাঁকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে তাঁর ভাই মারা যান। খোরশেদ অভিযোগ করেন, অ্যাপোলো হাসপাতালে ভর্তি করার পর সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, সাভারে অপারেশনের সময় চিকিৎসক ভুল করে তাঁর পেটের ভেতরের কয়েকটি গুরুত্বপূর্ণ রগ কেটে ফেলেন। যে কারণে তাঁর অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। রগগুলো ক্ষতবিক্ষত হওয়ার কারণে তা প্রতিস্থাপন করা সম্ভব না হওয়ায় বাঁচানো যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, নূরুল হাকিম মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার এবং নিউ দীপ ক্লিনিকের অংশীদার। তিনি দিনের অধিকাংশ সময় সাভারে থেকে ক্লিনিক দেখাশোনা করেন এবং রোগী দেখেন। এ প্রসঙ্গে কথা বলতে দীপ ক্লিনিক ও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে একাধিকবার গিয়েও নূরুল হাকিম ও কাজী সোহেল ইকবালের দেখা মেলেনি। এমনকি মুঠোফোনেও তাঁদের পাওয়া যায়নি। ক্লিনিক ও হাসপাতালের একাধিক সূত্র জানায়, ব্যবসায়ী সামসুল আলম মারা যাওয়ার পর থেকে তাঁরা গা ঢাকা দিয়েছেন। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) আশরাফ উল্লাহ চৌধুরী বলেন, ‘শুনেছি, আমাদের প্রতিষ্ঠানের কাজী সোহেল ইকবাল সামসুল আলমের অপারেশন করেছিলেন। কিন্তু আমাদের হাসপাতালে অপারেশন না হওয়ার কারণে বিষয়টি খতিয়ে দেখা হয়নি।’