সাভারে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে গত সোমবার দিবাগত রাতে ভুল চিকিৎসায় অজুফা বেগম (৫৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে৷ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ৷
সাভার মডেল থানার পুলিশ ও অজুফার পরিবার জানায়, পৌর এলাকার ইমান্দিপুরের মকবুল হোসেনের স্ত্রী অজুফা পেটের ব্যথায় ভুগছিলেন৷ ইসমাইল হোসেন নামের এক লোকের সহায়তায় ৫ মে তাঁকে পৌরসভার তালবাগ মহল্লার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়৷ ওই হাসপাতালের পরিচালক ও সার্জারি বিশেষজ্ঞ দাবিদার আবু তাহের পরীক্ষা-নিরীক্ষা করে জানান, অজুফার পিত্তথলিতে পাথর ও অ্যাপেনডিসাইটিস হয়েছে৷ এ জন্য অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের পরামর্শ দেন তিনি৷ সোমবার রাত সাড়ে ১০টার দিকে আবু তাহের অজুফার অস্ত্রোপচার করেন৷ রাত সাড়ে ১২টার দিকে আবু তাহের ও হাসপাতালের অপর পরিচালক অবেদনবিদ কামরুজ্জামান অস্ত্রোপচার কক্ষ থেকে বের হন৷ এ সময় স্বজনেরা অজুফার অবস্থা জানতে চাইলে দুই চিকিৎসক জানান, সুস্থ আছেন৷ কিছু সময় পর অজুফার ছোট ছেলে নবী হোসেন অস্ত্রোপচার কক্ষে গিয়ে তাঁর মাকে মৃত অবস্থায় দেখতে পান৷ এ সময় তাঁর সঙ্গে থাকা স্বজনেরা দালাল ইসমাইলকে মারধর করে হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালান৷ খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে৷
অজুফার বড় ছেলে আশরাফ বলেন, হাসপাতালে ভর্তির পর আবু তাহের নিজেকে সার্জাির বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেন৷ পরে জানতে পারেন তিনি কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নন৷ আবু তাহেরের ভুল চিকিৎসার কারণেই তাঁর মা মারা গেছেন বলে তিনি অভিযোগ করেন৷
আশরাফ বলেন, ‘আমার মায়ের মৃত্যুর ঘটনায় আইনের আশ্রয় নিতে চেয়েছিলাম৷ কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রভাবশালীদের চাপে আপস-মীমাংসা করতে বাধ্য হয়েছি৷’ কিন্তু কত টাকায় আপস করেছেন জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি৷ ওই হাসপাতালে গিয়ে চিকিৎসক আবু তাহের ও কামরুজ্জামানকে পাওয়া যায়নি৷ মুঠোফোনে চেষ্টা করেও তাঁদের ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি৷
সাভার মডেল থানার এসআই শিবশঙ্কর বণিক বলেন, হাসপাতালের পরিচালক আবু তাহের অজুফার দেহে অস্ত্রোপচার করেন৷ কিন্তু ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়ে থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি৷
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোশাররফ হোসেন দেওয়ান বলেন, ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্ত্রীরোগ বিশেষজ্ঞ শাহানাজ সিগমাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে৷ সাত দিনের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবে৷ প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷