সাভারে ভূমির এসএ রেকর্ড নেই!
ঢাকার অদূরে সাভারের ভূমি কার্যালয়গুলোতে ভূমিসংক্রান্ত গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া যাচ্ছে না। চাহিদা অনুযায়ী তথ্য না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন নাগরিকেরা। পাশাপাশি বেহাত হয়ে যাচ্ছে অনেক সরকারি জমি।সাভারের সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর রাশেদ জানান, দীর্ঘদিন ধরে ব্যবহার হওয়ায় অনেক নথির তথ্য অস্পষ্ট হয়ে গেছে। আবার বইয়ের (ভলিউমের) পাতা ছেঁড়া থাকায় অনেক তথ্য পাওয়া যাচ্ছে না। এ কারণে তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না।স্টেট একুইজিশন—এসএ রেকর্ড অনুযায়ী, সাভার উপজেলার দক্ষিণ দরিয়াপুর, সাভার ও দক্ষিণ বক্তারপুর মৌজার সব জমির দাগ ও খতিয়ান নম্বর জানতে চেয়ে প্রথম আলোর পক্ষ থেকে সাভারের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে আবেদন করা হয় ৬ জুন। কিন্তু এসএ রেকর্ড অনুযায়ী মৌজা তিনটির অধিকাংশ ভূমির দাগ ও খতিয়ান নম্বর দিতে পারেননি দপ্তরটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।এলাকাবাসীর অভিযোগ, অনেক অসাধু ব্যক্তি জাল দলিল ও কাগজপত্র তৈরি করে সাভারের বিভিন্ন এলাকার সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি দখল এবং হস্তান্তর করে চলেছেন। আর এসব জালিয়াতি ধামাচাপা দিতে ভূমি কার্যালয়ের কিছু অসাধু কর্মচারীর সহায়তায় তাঁরা নথিপত্র গায়েব করে ফেলছেন।প্রথম আলোর পক্ষ থেকে করা আবেদনে দক্ষিণ দরিয়াপুর মৌজার আরএস রেকর্ড অনুযায়ী ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ২১১, ২১২, ৩৯৯, ৪০০, ৪০১, ৪০২, ৪০৩, ৪০৪, ৪০৫ ও ৪০৬ নম্বর দাগের ভূমির এসএ খতিয়ান নম্বর জানতে চাওয়া হয়। আরও জানতে চাওয়া হয় আরএস রেকর্ড অনুযায়ী, সাভার মৌজার ১, ৬, ৭, ৮, ১১, ১২, ১৪, ১৫, ১৬, ৪১২, ৪১৩, ৪১৪, ৪১৫, ৪১৬, ৪১৭, ৪১৮, ৪১৯, ৪২০, ৪২১, ৪২২, ৪২৩, ৪২৪, ৪২৫, ৪২৬, ২৩২৪, ২৩২৫, ২৩২৬, ২৩২৭, ২৩২৮, ২৩২৯, ২৩৩০ ও ২৩৩১ নম্বরসহ দক্ষিণ বক্তারপুর মৌজার সব ভূমির এসএ খতিয়ান নম্বর। কিন্তু গুটিকয়েক খতিয়ান নম্বর ছাড়া সাভার সহকারী কমিশনারের কার্যালয় থেকে উল্লিখিত দাগগুলোর খতিয়ান (এসএ) নম্বর দিতে পারেনি। অথচ এসব তথ্য ওই দপ্তরসহ সব ইউনিয়ন ভূমি কার্যালয়েই থাকার কথা।সাভার মৌজার এসএ ২৩৩১ ও আরএস ৮৭১ নম্বর দাগের জমির পরিমাণ সাড়ে সাত বিঘা এবং দক্ষিণ দরিয়ারপুর মৌজার আরএস ৩৯, ৪০, ৪১, ২১১, ২১২, ৩৯৯, ৪০০ ও ৪০১ নম্বর দাগের প্রায় ২০ বিঘার জমির মালিক সরকার। এসব জমিও অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে। নির্মাণ হচ্ছে ঘরবাড়ি। সাভার পালপাড়ার নিশিত, তিশিত ও অনুপ পাল জানান, ভূমি কার্যালয়ে তথ্য না থাকায় সাভার মৌজায় তাঁদের ৮৩ শতাংশ জমির ভুয়া কাগজপত্র তৈরি করে মালিকানা দাবি করছেন জনৈক ব্যক্তি।খোঁজ নিয়ে জানা গেছে, দক্ষিণ দরিয়াপুর, সাভার ও দক্ষিণ বক্তারপুর মৌজা সাভারের ওপর দিয়ে প্রবাহিত বংশী নদীর তীরবর্তী এলাকা। এসব মৌজার অধিকাংশ জমিই জেগে ওঠা বা ভরাট হওয়া নদীর তীর, যার সবই এসএ রেকর্ড অনুযায়ী সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ভূমি। পরবর্তী সময়ে আরএস রেকর্ড হওয়ার সময় অবৈধ দখলদারেরা ওই সব জমি টাকার বিনিময়ে নিজেদের নামে রেকর্ড করিয়ে নেয়। সেই আরএস রেকর্ডের সুবাদে ভুয়া কাগজপত্র তৈরি করে তারা এখন জমির মালিকানা দাবি করছে। এ নিয়ে যাতে কোনো ঝামেলা না হয় সে জন্য স্থানীয় ভূমি কার্যালয় থেকে প্রয়োজনীয় সব নথি গায়েব করা হয়।জানতে চাইলে সাভার পৌর ভূমি কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা আক্কাস আলী বলেন, ‘বইয়ের পাতা ছিঁড়ে যাওয়ায় এই কার্যালয়ে এসএ রেকর্ডের কোনো তথ্য নেই।’ এসব তথ্য না থাকায় অনেকেই হয়রানির শিকার হচ্ছেন বলে স্বীকার করেন তিনি। পাতাগুলো ছিঁড়ল কীভাবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি এখানে যোগদানের আগে থেকেই পাতাগুলো ছেঁড়া। তাই এ সম্পর্কে তাঁর কিছু জানা নেই।সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর রাশেদ বলেন, স্থানীয় ভূমি কার্যালয়গুলোতে জালিয়াতির মাধ্যমে অনেক সরকারি জমি বেহাত হয়ে যাচ্ছে, এমন অভিযোগ একেবারে অমূলক নয়। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, কেউ চাইলে জেলা প্রশাসকের কার্যালয় কিংবা তেজগাঁওয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে এসএ রেকর্ড সংগ্রহ করতে পারবেন।