সাভারে ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ
সাভারে ভোট গ্রহণ চলাকালে বেশ কয়েকটি কেন্দ্র থেকে বিএনপি-সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব কারণে একটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।
এ ছাড়া অনিয়মের অভিযোগ তুলে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মঞ্জুর মোরশেদ।
আজ বৃহস্পতিবার দুপুরে সাভারে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী কফিলউদ্দিন এসব অনিয়মের অভিযোগ এনেছেন। তিনি জানিয়েছেন, কেন্দ্র দখল করে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে সাভারের কালিয়াকৈর উপজেলার দারুল মোকাররম আলিম মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
এদিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিমুদ্দিন জানিয়েছেন, কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুর মোরশেদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে প্রার্থিতা প্রত্যাহার করার জন্য আবেদন করেছেন।
সাভারের গেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঁতুলঝরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার খুব কম দেখা গেছে। বেলা সাড়ে তিনটা পর্যন্ত এসব কেন্দ্রে ভোটারদের কোনো লাইন দেখা যায়নি।