সাভারে ভোটার উপস্থিতি কম, জাল ভোটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা একটায়ও সাভারের আশুলিয়ার পলাশবাড়ী হাজী জয়নুদ্দীন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটারের লাইন ছিল না। প্রিসাইডিং কর্মকর্তা জানান, তখন পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১৩৪। সন্ধ্যায় খোঁজ নিয়ে জানা যায়, ভোট পড়েছে ৪৬৬টি। এখানে মোট ভোটার তিন হাজার ৮১০। পাশের ডেন্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রও একই রকম।
পলাশবাড়ী এলাকার জেএলকে মডেল হাইস্কুল কেন্দ্রে আরও কম ভোটারের উপস্থিতি দেখা যায়। নারী ভোটারদের জন্য স্থাপিত এ কেন্দ্রে দুই হাজার ৮৬৫ জন ভোটারের মধ্যে বেলা একটা পর্যন্ত ১০০ ভোট পড়ে।
শুধু এই কয়েকটি কেন্দ্রই নয়, কাল সাভার উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। বিভিন্ন কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে সরকারদলীয় প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জাল ভোটের কারণে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করতে হয়েছে। এ অবস্থায় কৃষক শ্রমিক জনতা লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর মোরশেদ দুপুরে জাল ভোটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
চেয়ারম্যান পদে চারজন প্রার্থী থাকলেও মূলত আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফিরোজ কবীর এবং বিএনপি-সমর্থিত পরিবহন ব্যবসায়ী কফিল উদ্দিনের মধ্যেই লড়াই হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬০ কেন্দ্রের মধ্যে ৩৫টিতে বিএনপির প্রার্থী এগিয়ে ছিলেন। এখানে মোট ভোটার সাত লাখ ৮৫ হাজার ৩০৬।
ভোট গ্রহণ স্থগিত: কালিয়াকৈর দারুল মোকাররম আলীম মাদ্রাসা, গেন্ডা অনির্বাণ কিন্ডারগার্টেন স্কুল, আশুলিয়ার কাইচাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাবালে রহমত আইডিয়াল স্কুল, শিমুলিয়া এসপি হাইস্কুলসহ বেশ কয়েকটি কেন্দ্রে সরকারদলীয় লোকজন বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দেন বলে অভিযোগ পাওয়া যায়।
এর মধ্যে কালিয়াকৈর দারুল মোকাররম আলীম মাদ্রাসা ও অনির্বাণ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয় বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিম উদ্দিন।
বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কফিল উদ্দিন অভিযোগ করেন, একাধিক কেন্দ্রে তাঁর এজেন্টদের বের করে দিয়ে সরকার-সমর্থিত প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়া হয়েছে।
তবে সরকার-দলীয় প্রার্থী ফিরোজ কবীর এ অভিযোগ অস্বীকার করেন। বরং তিনি উল্টো অভিযোগ করেন, বৈধ ভোটার হওয়া সত্ত্বেও বিভিন্ন কেন্দ্রে তাঁর সমর্থক ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। এ জন্য ভোট কম পড়েছে।