সাভারে মন্দির থেকে শিবলিঙ্গ চুরি
ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাদুল্যাপুর শিবমন্দির থেকে গত বৃহস্পতিবার রাতে ৮০ কেজি ওজনের কষ্টিপাথরের শিবলিঙ্গ চুরি হয়েছে। এতে সেখানকার হিন্দু ধর্মাবালম্বী মানুষ গতকাল শুক্রবার শিব চতুর্দশীর দিনে পূজা-অর্চনা করতে পারেনি।সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তাহের শিবলিঙ্গ চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানায়, রাতে কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরের দরজা কেটে ভেতরে ঢুকে শিবলিঙ্গটি চুরি করে নিয়ে যায়। গতকাল সকালে পুরোহিত চন্দন চক্রবর্তী মন্দিরে গিয়ে দরজা খোলা পান। এরপর ভেতরে গিয়ে তিনি শিবলিঙ্গ দেখতে না পেয়ে মন্দির কর্তৃপক্ষকে বিষয়টি জানান। মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি অজিত কুমার ঘোষ জানান, ১০০ বছরের বেশি সময় ধরে শিবলিঙ্গটি ওই মন্দিরে ছিল। প্রতিবছর শিব চতুর্দশীর দিনে মন্দিরে পূজার আয়োজন করা হয়। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে মেলাও বসে। মন্দিরের বর্তমান সভাপতি শংকর কুমার ঘোষ জানান, শিবলিঙ্গ চুরি হওয়ার কারণে গতকাল পূজা করা সম্ভব হয়নি। মন্দির প্রাঙ্গণে মেলাও বসেনি।