সাভারে মহাসড়কের পাশে পশুর অবৈধ হাট
ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারের উলাইলে বসানো হয়েছে অস্থায়ী পশুর হাট। উপজেলা প্রশাসন বলছে, এই হাটের অনুমোদন নেই। তবে হাট বন্ধে তাদের কোনো তৎপরতাও নেই।
সাভার পৌরসভার কাছ থেকে ওই হাটের ইজারা নিয়েছেন আবদুল আলীম ওরফে সোহাগ। তিনি স্থানীয় সাংসদ এনামুর রহমানের দূরসম্পর্কের আত্মীয়। এই হাটের ইজারা নিয়েই সোহাগকে ১৪ সেপ্টেম্বর আটক করেছিল পুলিশ। অবশ্য ১৭ ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, ঈদ উপলক্ষে এ বছর জেলা প্রশাসকের কার্যালয় থেকে আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নে চারটি, ধামসোনা ইউনিয়নে তিনটি, আশুলিয়া ইউনিয়নে দুটি এবং ইয়ারপুর ইউনিয়নে একটি অস্থায়ী পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে। এর বাইরে সাভার উপজেলায় আর কোনো অস্থায়ী পশুর হাটের অনুমতি নেই। অন্য কোথাও যাতে হাট না বসে, সে বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের ওই নির্দেশনা উপেক্ষা করেই ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারের উলাইলে অস্থায়ী পশুর হাট বসানো হয়েছে। এরপরও হাটের কার্যক্রম বন্ধে পুলিশের পক্ষ থেকে গতকাল রোববার পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।
সাভার মডেল থানার ওসি কামরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি পৌরসভার সঙ্গে কথা বলার পরামর্শ দেন। অবশ্য, থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, অবৈধ হাট বন্ধে উপজেলা প্রশাসন চাইলে পুলিশ সহায়তা করবে। পুলিশ নিজ উদ্যোগে হাট বন্ধে কোনো অভিযান চালাতে পারে না।
পৌরসভা সূত্র জানায়, জেলা প্রশাসনের অনুমতি না থাকলেও পৌর কর্তৃপক্ষ নিজ দায়িত্বে জায়গার ব্যবস্থা করে হাট বসানোর শর্ত দিয়ে দরপত্র আহ্বান করে। পরে জেলা প্রশাসন চিঠি দিয়ে ইজারার কার্যক্রম বন্ধ রাখতে বলে। তারপরও পৌর কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কাছে হাটের অনুমতি প্রার্থনা করে ইজারার কার্যক্রম অব্যাহত রাখে।
জানতে চাইলে সাভার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আয়নাল হক বলেন, জেলা প্রশাসকের অনুমতির জন্য আবেদন করা হয়েছিল। অনুমতি মেলেনি, এ কথা ঠিক। কিন্তু হাটের কার্যক্রম বন্ধ রাখার কোনো নির্দেশও দেওয়া হয়নি। এ কারণে প্রতিবছরের মতো এবারও হাটের ইজারা দেওয়া হয়েছে। মহাসড়কের পাশে পশুর হাট বসানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকার বিষয়ে তিনি বলেন, পৌরসভার নিজস্ব কোনো স্থান নেই। তাই মহাসড়কের পাশেই হাটের অনুমতি দেওয়া হয়েছে। তবে হাটের কারণে যাতে যানজট না হয়, সে বিষয়ে খেয়াল রাখা হবে।
হাটের ইজারাদার আবদুল আলীম বলেন, তিনি পৌরসভার কাছ থেকে বৈধভাবে হাটের ইজারা নিয়েছেন।
ইউএনও কামরুল হাসান মোল্যা বলেন, সাভার উপজেলায় ১০টি অস্থায়ী পশুর হাটের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে পৌর এলাকায় কোনো হাটের অনুমোদন নেই। তারপরও পৌর এলাকায় হাট বসানো হলে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।