সাভারে মহাসড়ক অবরোধ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ তুলে নিয়েছেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ প্রত্যাহারের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী, গাড়িচালক ও পুলিশ জানায়, ভোর ছয়টা থেকে অবরোধ শুরু হয়। অবরোধের কারণে সাভার এলাকায় ওই মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। অনেক যানবাহন বিকল্প সড়ক দিয়ে চলাচলের চেষ্টা করে। এতে ওই সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। অবরোধ প্রত্যাহার হওয়ার পর ধীরে ধীরে যানবাহন চলতে শুরু করে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, অবরোধের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা এবং প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে হত্যাচেষ্টার প্রতিবাদে গণজাগরণ মঞ্চ আজ সারা দেশে আধা বেলা (ভোর ৬টা থেকে দুপুর ১২ টা) হরতাল পালন করে। বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও ছাত্রসংগঠন এই হরতালে সমর্থন জানায়।

(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)

আরও পড়ুন: