
ঢাকার সাভারের উলাইল থেকে রেডিও কলোনি পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার অংশে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে যাত্রী ও যানবাহনের শ্রমিকদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।
পুলিশ, যাত্রী ও পরিবহনশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কের আংশিক বন্ধ করে সংস্কারকাজ করায় এ যানজট দেখা দেয়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে সাভার বাসস্ট্যান্ড পর্যন্ত সাড়ে সাত কিলোমিটারেরও বেশি অংশ সংস্কার করা হচ্ছে। ১০ কোটি টাকায় তানভির কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গত মার্চে এ কাজ শুরু করে। কিন্তু দিন ১৫ কাজ করে বন্ধ রাখে। এরপর সম্প্রতি নতুন করে আবার সংস্কারকাজ শুরু করে।
যানবাহনের শ্রমিক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়কের আংশিক বন্ধ রেখে সংস্কারকাজ করা হচ্ছে। এর ফলে চার লেনের মহাসড়কটির যে অংশে সংস্কারকাজ চলে ওই অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
গত মঙ্গলবার মহাসড়কের শিমুলতলা ও রেডিও কলোনি অংশের সংস্কার করা হয়। এর ফলে সকাল থেকেই সাভার বাসস্ট্যান্ড এলাকায় যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে রেডিও কলোনি থেকে উলাইল—প্রায় তিন কিলোমিটার পর্যন্ত এ যানজট বিস্তৃত হয়। যানজটের কারণে একেকটি যানবাহনকে যানজট এলাকা পাড়ি দিতে এক থেকে দেড় ঘণ্টা লেগে যায়।
ঢাকা থেকে পাটুরিয়াগামী পদ্মা লাইন পরিবহনের চালক আবুল কালাম প্রথম আলোকে বলেন, সংস্কারের জন্য বাস চালাতে গিয়ে তিনি ১৫ দিনেরও বেশি সময় ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। তিনি বলেন, দুর্বল ট্রাফিক-ব্যবস্থার কারণে এ যানজটের সৃষ্টি হয়।
মোবারক হোসেন, গোলাম রব্বানীসহ পাটুরিয়াগামী ঈগল পরিবহনের কয়েকজন যাত্রী বলেন, মহাসড়কের সাভার অংশে এখন চরম ভোগান্তি পোহাতে হয়। যানজটের কবলে পড়ে প্রায় প্রতিদিনই এ এলাকায় এক থেকে দেড় ঘণ্টা সময় অপচয় করতে হচ্ছে।
সাভার ট্রাফিকের পরিদর্শক ফরহাদ হায়দার বলেন, ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শত চেষ্টা করেও মহাসড়ক যানজটমুক্ত রাখা যাচ্ছে না। তড়িঘড়ি করে সংস্কারকাজ সম্পন্ন করার কারণেই এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
সওজের কল্যাণপুর উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সামসুজ্জোহা বলেন, মহাসড়ক যানজটমুক্ত রাখতে ট্রাফিকের পাশাপাশি বেসরকারি লোকজনকেও কাজে লাগানো হচ্ছে। এরপরও যানবাহনের চাপ আর চালকদের আগে যাওয়ার প্রতিযোগিতার কারণে তা সম্ভব হচ্ছে না।