সাভারে মাদক ব্যবসার জের ধরে যুবককে জবাই, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌর এলাকার ডগরমোরায় গত বুধবার রাতে সন্ত্রাসীরা এক যুবককে প্রথমে গুলি ও পরে জবাই করে হত্যা করেছে। যুবকের নাম মিলন (২৬)। মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাঁকে খুন করতে পারে বলে পুলিশ ধারণা করছে।সাভার থানার পুলিশ ও নিহত মিলনের পারিবার সূত্রে জানা গেছে, মিলন ডগরমোরার ৬৫/৩ নম্বর বাসায় ভাড়া থাকতেন। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। সে সময় তিনি বাড়ির পাশে ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি চিত্কার করতে করতে নিজ বাসায় ঢুকে মেঝেতে লুটিয়ে পড়েন। এ সময় সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে ওই বাসায় ঢুকে মিলনকে জবাইয়ের পর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।মিলনের খালাতো ভাই মজিবর রহমান গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভার থানায় হত্যা মামলা করেন। মামলায় সম্রাট, কামরুল, কবীর, রনি, মুন্না, তুষারসহ ১২ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, ওই এলাকার বাসিন্দা সম্রাট, মিলনসহ অনেকেই ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত। এই ফেনসিডিল ব্যবসাকে কেন্দ্র করে সেখানে একাধিক পক্ষ রয়েছে। এদের একটি পক্ষের নেতৃত্ব দিতেন মিলন। আরেকটি পক্ষের নেতৃত্বে রয়েছেন সম্রাট। দিন পনেরো আগে ফেনসিডিলসহ সম্রাটের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল। সম্রাটের ধারণা, মিলনই তাঁকে ধরিয়ে দেন। ওই আক্রোশেই সম্রাট তাঁর লোকজন নিয়ে মিলনকে হত্যা করতে পারেন।তবে মিলনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে তাঁর পরিবার।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উল্লাহ বলেন, মামলা হয়েছে। আসামিদের ধরার চেষ্টা চলছে।