সাভারে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের পোড়াবাড়ি এলাকায় একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে অনুষ্ঠিত ওই সমাবেশের আয়োজন করে পোড়াবাড়ি সমাজকল্যাণ সংঘ নামের স্থানীয় যুবকদের একটি সংগঠন। সমাবেশে বক্তারা মাদকের ভয়াল ছোবলের হাত থেকে এলাকাবাসীকে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মাদকবিরোধী সমাবেশে স্থানীয় যুবকদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্বরাও বক্তৃতা করেন। বক্তারা বলেন, সাভার মডেল থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে পোড়াবাড়ি, অমরপুর ও কাঞ্চনপুর গ্রাম। কিন্তু থানার এতটা কাছের এই অঞ্চলগুলোই মাদকের আখড়া হিসেবে পরিচিত। এখান থেকে মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করতে স্থানীয় পুলিশ প্রশাসন যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না। অনেক বক্তা অভিযোগ করেন, অনেকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করে হয়রানিরও শিকার হয়েছেন। এলাকা মাদকমুক্ত করতে তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতা কামনা করেন বক্তারা।
পোড়াবাড়ি সমাজকল্যাণ সংঘের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, এলাকায় হাত বাড়ালেই যেকোনো ধরনের মাদক মেলে। এটি বন্ধের কোনো উপায় না দেখে প্রতিবাদ সমাবেশের পথ বেছে নেওয়া হয়েছে।