সাভারে মাদ্রাসাছাত্রকে অপহরণ পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হরিণধরা থেকে গত শনিবার রাতে রাকিব হোসেন (১৪) নামের এক মাদ্রাসাছাত্রকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাকে মুক্তি দেওয়ার বিনিময়ে পাঁচ লাখ টাকা দাবি করা হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। রাকিব তেঁতুলঝড়ার শ্যামপুর গ্রামের সেলিম মিস্ত্রির ছেলে। পারিবারিক সূত্র জানায়, রাকিব তেঁতুলঝড়ার হরিণধরা দারুল উলুম মাদ্রাসায় লেখাপড়া করত। শনিবার রাতে খাবার খেয়ে সে বাড়ি থেকে মাদ্রাসায় চলে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। রোববার দুপুর পর্যন্ত রাকিব বাড়ি না ফেরায় পরিবারের লোকজন মাদ্রাসায় যান। কিন্তু রোববার সকালে রাকিব বাড়ি চলে গেছে বলে মাদ্রাসা থেকে জানানো হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পান না তাঁরা। রোববার রাত ১২টার দিকে স্বজনদের মুঠোফোনে কল করে দুর্বৃত্তরা রাকিবকে অপহরণ করার কথা জানিয়ে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে। মুক্তিপণের টাকা চট্টগ্রামে পৌঁছে দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানায় দুর্বৃত্তরা। রাকিবের বড় ভাই জুয়েল হোসেন বলেন, তাঁর ভাই অপহূত হওয়ার বিষয়টি জানার পর পুলিশি সহায়তার জন্য তিনি সোমবার সাভার থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। কিন্তু পুলিশ তাঁর অভিযোগ না রেখে উল্টো তাঁকে শাসিয়ে দেয়। পুলিশের সহায়তা না পেয়ে তাঁর বাবা ও মা রাকিবের সন্ধানে অবশেষে চট্টগ্রামে যান। তিনি অভিযোগ করেন, রাকিবকে অপহরণের সঙ্গে মাদ্রাসার শিক্ষক সাঈদ হোসেন জড়িত থাকতে পারেন। কারণ, রাকিব নিখোঁজ হওয়ার দিন শিক্ষক সাঈদ হোসেন মাদ্রাসায় ছিলেন না। তবে সাঈদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ছুটি নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলেন। সাভার থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অপহূত হয়েছে বলে শোনা যাচ্ছে।