সাভারে মেডিকেলের ছাত্রকে অপহরণ, মুক্তিপণ দাবি
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন ছাত্রকে গত সোমবার রাতে অপহরণ করা হয়েছে৷ তাঁর মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা৷ একই রাতে প্রতিষ্ঠানটির আরও একজন ছাত্রীকে অপহরণের চেষ্টা চালানো হয়৷
অপহৃত ছাত্রের নাম মোহসিন হোসেন (২২)৷ তিনি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী৷ তাঁর বাবা ঢাকার ধামরাইয়ের বাউনিয়া গ্রামের রহিজ উদ্দিন৷ মোহসিন সাভার পৌর এলাকার পার্বতীনগরে কলেজের পেছনে একটি মেসে থাকেন৷
এদিকে অপহরণের চেষ্টার শিকার হওয়া ছাত্রী হলেন তানজিলা বিনতে মান্নান (২৪)৷ তিনি কলেজের শেষ বর্ষের ছাত্রী ও সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর গ্রামের আবদুল মান্নানের মেয়ে৷ তানজিলাও কলেজের পাশে একটি ছাত্রীনিবাসে থাকেন৷
পুলিশ ও মোহসিনের পারিবারিক সূত্র জানায়, মোহসিন সোমবার রাত ১০টার দিকে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনিতে এক সহপাঠীর বাসায় যান৷ আধা ঘণ্টা পর মেসে ফেরার পথে নিখোঁজ হন তিনি৷ রাতেই অজ্ঞাতনামা এক ব্যক্তি মোহসিনের মা লায়লা বেগমকে মুঠোফোনে জানান, তাঁকে অপহরণ করা হয়েছে৷ এ সময় মোহসিনের মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করা হয়৷
মোহসিনের বড় ভাই মাহবুব হোসেন বলেন, মোহসিন রাতে মেসে না ফেরায় মেসের অন্য সদস্যরা বিষয়টি তাঁদের অবহিত করেন৷ এর পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছিল৷ রাত দুইটার দিকে তাঁর মায়ের কাছে ওই ফোনটি আসে৷ গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ফের কল করে মুক্তিপণ বাবদ ওই টাকা দাবি করা হয়৷ গতকাল একই নম্বর থেকে আরও দুবার ফোন এসেছে৷
মাহবুব আরও বলেন, গত কয়েক দিন ধরেই কয়েক ব্যক্তি তাঁর মুঠোফোনে কল করে মোহসিনকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছিলেন৷
এ ঘটনার বছর দুয়েক আগে বাড়ি থেকে সাভার যাওয়ার পথে ধামরাইয়ের ধূলিভিটা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত মোহসিনকে অপহরণ করে তাঁর দুটি আঙুল কেটে ছেড়ে দিয়েছিল৷ ওই ঘটনায় ধামরাই থানায় করা মামলা এখনো তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)৷ মোহসিন ওই সময় মেডিকেল কলেজে সবে ভর্তি হয়েছিলেন৷
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, মোহসিনকে অপহরণের ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে৷ তাঁকে উদ্ধার করার চেষ্টা চলছে৷
ছাত্রীকে অপহরণের চেষ্টা: প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত পৌনে ১০টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রীনিবাসে ফিরছিলেন তানজিলা বিনতে মান্নান৷ সঙ্গে ছিলেন তাঁর কয়েকজন সহপাঠী৷ ক্যাম্পাস-সংলগ্ন ছাত্রীনিবাসে প্রবেশ করার সময় এর মূল ফটকের সামনে কয়েকজন সন্ত্রাসী তাঁকে একটি ব্যক্তিগত গাড়িতে তুলে অপহরণ করার চেষ্টা চালায়৷ এ সময় সহপাঠীরা ও স্থানীয় কিছু লোক গাড়িটি ঘিরে ফেললে তাঁকে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় তারা৷
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা বলেন, তানজিলার অভিযোগের পরিপ্রেক্ষিতে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷