সাভারে যন্ত্র বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের হেমায়েতপুরে গতকাল সোমবার নির্মাণাধীন একটি কারখানায় রড কাটার যন্ত্র বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত শ্রমিকেরা হলেন দিনাজপুরের বীরগঞ্জের আনোয়ারুল ইসলাম (২২) ও ঠাকুরগাঁও সদরের কমল বর্মণ (১৮)।সাভার থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, নির্মাণাধীন একটি টিন তৈরির কারখানার শ্রমিকেরা গতকাল বেলা ১১টার দিকে কাজ করছিলেন। তাঁদের মধ্যে আনোয়ারুল, কমল, সূর্য ও তাজুল যন্ত্রের সাহায্যে রড কাটছিলেন। হঠাৎ রড কাটার ওই যন্ত্র বিস্ফোরিত হয়ে যন্ত্রাংশের আঘাতে তাঁরা আহত হন। শ্রমিকেরা জানান, আনোয়ারুল ঘটনাস্থলে ও কমল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত সূর্যকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ও তাজুলকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী শ্রমিক বাছেদ জানান, ঘটনাস্থল থেকে ৫০ গজ দূরে তিনিসহ কয়েকজন কাজ করছিলেন। এ সময় প্রচণ্ড শব্দ হয়। এরপর তাঁরা ওই চারজনকে বিস্ফোরিত যন্ত্র থেকে কিছু দূরে আহত অবস্থায় দেখতে পান।নির্মাণাধীন কারখানার প্রকৌশলী মো. মোহসিন জানান, অতিরিক্ত গরম হয়ে যন্ত্রটি বিস্ফোরিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান দুর্ঘটনায় দুই শ্রমিকের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঠিক কী কারণে যন্ত্রটি বিস্ফোরিত হলো তা খতিয়ে দেখা হচ্ছে।