সাভারে যুবক খুন বিক্ষোভ, আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারের আমিনবাজারে গতকাল মঙ্গলবার ইকবাল হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল রাতে বিক্ষুব্ধ জনতা যানবাহনে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ইকবালের বাড়ি সাভারের আমিনবাজারের চানপুর এলাকায়। তিনি পেশায় একজন ট্যাক্সিচালক।সাভার থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে আমিনবাজার পুলিশ ফাঁড়িসংলগ্ন ‘ওজি বক্স’ মার্কেটের ভেতর থেকে ইকবালের লাশ উদ্ধার করা হয়। এ খবর ছড়িয়ে পড়ার পরপরই ইকবালের আত্মীয়স্বজনসহ স্থানীয় লোকজন মার্কেটের সামনে রাখা পাঁচটি ট্রাক ও একটি ভেকুতে (মাটি কাটার যন্ত্র) আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি ও আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ট্রাকগুলো প্রায় পুড়ে যায়।আমিনবাজারের বরদেশী গ্রামের সৈয়দ মুরাদ হায়দার ও সালেপুরের জাহিদ হোসেনসহ কয়েকজন জানান, মাটির ব্যবসার টাকার ভাগবাটোয়ারা নিয়ে ওজি বক্সের ছেলে সুলতান ও সেলিমের সঙ্গে ইকবালের দ্বন্দ্ব ছিল বলে তাঁরা শুনেছেন। ওই বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। তাঁরা জানান, একটি নির্ভরযোগ্য সূত্র থেকে খবর পেয়ে তাঁরা গতকাল সন্ধ্যা সাতটার দিকে ওজি বক্স মার্কেটে যান। এ সময় মার্কেটটি বন্ধ ছিল। পরে মূল ফটক ভেঙে ভেতরে গিয়ে ইকবালের লাশ পড়ে থাকতে দেখে তাঁরা বিষয়টি সাভার থানায় জানান।ইকবালের ফুফাতো ভাই মো. হানজালা বলেন, গতকাল দুপুরের পর মুঠোফোনে ইকবালকে বাসা থেকে ডেকে নেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর তাঁর লাশ পাওয়া যায়। তিনি বলেন, স্থানীয় ইউপি সদস্য সোহরাব হোসেন ও ওজি বক্সের ছেলেরাই তাঁর ভাইকে হত্যা করেছে বলে তাঁদের ধারণা। হত্যার পর গুম করার উদ্দেশ্যে লাশটি মার্কেটের ভেতরে রাখা হয়।ঘটনার পর ওজি বক্সের ছেলেরা পালিয়ে যাওয়ায় তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ইকবালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কারা তাঁকে খুন করেছে, সেটা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তিনি বলেন, বুধবার (আজ) ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। গতকাল রাত ১০টা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।