সাভারে যুবককে কুপিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌর এলাকার সবুজবাগে গত বুধবার রাতে সন্ত্রাসীদের ধারাল অস্ত্রের আঘাতে মিন্টু চন্দ্র ধর (৩৩) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি পৌর এলাকার ভাটপাড়ার চিত্তরঞ্জন ধরের ছোট ছেলে।এ ঘটনায় চিত্তরঞ্জন গতকাল বৃহস্পতিবার সাভার থানায় হত্যা মামলা করেছেন। মামলায় সবুজবাগের সারোয়ার হোসেন ভান্ডারী (৫০), তাঁর ছেলে সুমন ভান্ডারী (২৭), রিপন ভান্ডারী (২৪) ও স্বপন ভান্ডারী (২০) এবং এলাকার মেহেদী হাসানকে (৪৫) আসামি করা হয়েছে। মামলার পর পুলিশ মেহেদী হাসানকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করেছে।এজাহারে অভিযোগ করা হয়েছে, বুধবার রাত ১০টার দিকে স্বপন ভান্ডারী ভাটপাড়ার রিপন ঘোষের (১৮) কাছে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় স্বপন তাঁকে মারধর করেন। বিষয়টি জানার পর মারধরের বিচার চাইতে রিপন ঘোষ ও বাবুল নামের এক বন্ধুকে নিয়ে মিন্টু রাত সাড়ে ১০টার দিকে সবুজবাগ এলাকায় স্বপনদের বাসার কাছে যান। এ সময় স্বপন, তাঁর ভাই সুমন ও রিপন, বাবা সারোয়ার ও প্রতিবেশী মেহেদী হাসান মিলে মিন্টু ও বাবুলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে মিন্টু মাটিতে লুটিয়ে পড়লে তাঁরা পালিয়ে যান। ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় স্বজনেরা মিন্টুকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন। পথে মিন্টুর মৃত্যু হয়। বাবুলকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পর থেকে সারোয়ার ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।যোগাযোগ করলে মিন্টুর বাবা চিত্তরঞ্জন ধর প্রথম আলোকে বলেন, ‘কী কারণে আমার ছেলেকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারব না। লোকমুখে শুনেছি রিপন ঘোষকে মারপিটের ঘটনার বিচার চাইতে গেলে মিন্টুকে হত্যা করা হয়।’সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, আক্রোশের কারণেই মিন্টুকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে সুমন, রিপন ও স্বপনের প্রত্যক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।