সাভারে যুবককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের সোবানবাগ এলাকায় গতকাল শনিবার ছুরিকাঘাতে সোহাগ (২০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গতকাল সকালে সোবানবাগ এলাকার একটি বাড়িতে সোহাগকে ছুরিকাঘাত করা হয়। মূমূর্ষু অবস্থায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী জানান, প্রায় চার বছর সাভার পৌরসভার ডগরমোড়া এলাকার আবুল বাশারের সঙ্গে সোবানবাগ এলাকার সোনিয়ার বিয়ে হয়।সোনিয়ার ভাষ্যমতে, বিয়ের পর থেকে যৌতুকের জন্য বাশার তাঁকে মারধর করতেন। নির্যাতন সইতে না পেরে গত শুক্রবার রাতে তিনি পালিয়ে বাবার বাড়ি চলে আসেন। গতকাল সকাল আটটার দিকে তাঁর ভাশুর রেজাউল ও ওবায়দুলসহ আরও কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে বাশার তাঁদের বাড়ি আসেন। এরপর তাঁরা তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিবারের লোকজন এতে বাধা দেন। এ সময় বাশারসহ অন্যরা তাঁদের মারধর করে ঘরের ভেতরে ভাঙচুর করতে থাকেন। এ সময় প্রতিবেশীরা তাঁদের সাহায্যে ছুটে এলে তাঁরা সোহাগকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। নিহত সোহাগের মামা মো. ফারুক হোসেন জানান, ভাঙচুরের শব্দ পেয়ে তাঁর ভাগনে সোহাগসহ আরও অনেকে ওই বাড়িতে ছুটে যায়। এ সময় সোহাগ তাঁদের কর্মকাণ্ডের প্রতিবাদ করলে সোনিয়ার স্বামী বাশার তাঁর পেটে ও বুকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। পুলিশ জানায়, সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর মা পারভীন বেগম গতকাল সাভার থানায় হত্যা মামলা করেছেন। এতে বাশার, রেজাউল ও ওবায়দুলসহ পাঁচ ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার পর হায়দার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সাভার থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।