পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ঢাকার ধামরাইয়ে এক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। সাভারে আবু সাঈদ (৩২) নামে এক যুবককে পেরেক দিয়ে খুঁচিয়ে চোখ নষ্ট করার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। তাঁকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে গত বুধবার সন্ধ্যায় ধামরাইয়ের বোরাকই গ্রামের আবদুস সাত্তারের ছেলে দিন ইসলাম পাশের পাল্লি গ্রামের আহাম্মদ আলীকে মারধর করেন। পরে আহাম্মদ ও মঞ্জুরুল ইমসলামের নেতৃত্বে পাল্লি গ্রামের অর্ধশতাধিক লোক রাত আটটার দিকে সাত্তারের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বাড়ির লোকজন ভয়ে পালিয়ে আশপাশের বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
তবে আবদুস সাত্তার অভিযোগ করেন, তাঁর ছেলে জাহিদুল কুল্লা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। এ কারণে সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তাঁরা আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর হয়ে কাজ করেছেন। আর আহাম্মদ আলীসহ তাঁদের প্রতিপক্ষের লোকজন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর হয়ে কাজ করেছেন। এর জের ধরেই তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ওসি আবদুর রশিদ বলেন, এ বিষয়ে আবদুস সাত্তারের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এদিকে বুধবার বিকেল চারটার দিকে সাভার বাসস্ট্যান্ডের পাশে সুপার ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে প্রতিপক্ষের লোকজন আবু সাঈদ নামে এক যুবককে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে তাঁকে সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লার একটি গুদামে নিয়ে মাথায় পেরেক দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে চোখ নষ্ট করার চেষ্টা চালানো হয়। এ সময় তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সাঈদকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিকেল পাঁচটার দিকে লোকজন তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।
আবু সাঈদ ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের সুঙ্গোর গ্রামের আউলাদ হোসেনের ছেলে। আবু সাঈদ বলেন, প্রসবব্যথা উঠলে তিনি বুধবার সকালে তাঁর স্ত্রী হালিমা আক্তারকে সাভারের সুপার ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন। বিকেল চারটার দিকে তিনি ওই ক্লিনিক থেকে বের হওয়ার পরপরই রোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আলীমের ভাই মিজানুর রহমান ও ওই এলাকার সামসুদ্দিনসহ আরও কয়েকজন তাঁকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যান। পরে ছায়াবিথী এলাকায় একটি গুদামের ভেতরে নিয়ে তাঁর মাথা ও কপালে পেরেক ঢুকেন তাঁরা এবং খুঁচিয়ে তাঁর চোখ তুলে ফেলার চেষ্টা করেন।
ঘটনার পর সাঈদের ভাই সানোয়ার হোসেন চেয়ারম্যান আবদুল আলীম ও তাঁর ভাই মিজানুরসহ ১৫ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেছেন।
এনাম মেডিকেল কলেজের চক্ষু বিভাগের চিকিৎসকেরা জানান, চোখে আঘাত পেলেও দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা নেই। এ বিষয়ে কথা বলতে আলীম ও মিজানুরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
ধামরাই থানার পুলিশ জানায়, পূর্বশত্রুতার জের ধরে ২০১০ সালে আবু সাঈদ ও তাঁর লোকজন মিজানুরকে কুপিয়ে আহত করেন। ওই ঘটনার জের ধরেই মিজানুর ও তাঁর লোকজন সাঈদের ওপর হামলা চালান।