সাভারে যুবলীগ কর্মী খুনের ঘটনায় মামলা
যুবলীগের কর্মী সি এম বাদশা ফয়সাল হত্যার ঘটনায় ঢাকার সাভার পৌরসভার কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লাকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। গত রোববার রাতে নিহত ব্যক্তির ভাই ফাহাদ হোসেন সাভার মডেল থানায় এ মামলা করেন।
এদিকে গতকাল সোমবার মিনহাজ উদ্দিনের স্ত্রী নার্গিস আক্তার নিজ বাসায় সংবাদ সম্মেলন করে বলেন, তাঁর স্বামীকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। তাঁর স্বামী চিকিৎসার জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানান তিনি।
মামলার বিবরণে বলা হয়েছে, ফয়সাল বায়না সূত্রে পৌর এলাকার ভাটপাড়া মৌজায় ২৭ শতাংশ জমির মালিক। রোববার সকালে তিনি কয়েকজন শ্রমিক নিয়ে ওই জমিতে সীমানা খুঁটি স্থাপন করতে যান। ওই দিন বেলা দুইটার দিকে মিনহাজ উদ্দিনের হুকুমে অন্তত ৩০ জন সশস্ত্র লোক ফয়সালের ওপর হামলা চালান। এ সময় তাঁরা ফয়সালকে হত্যার উদ্দেশ্যে টেঁটা ও ধারালো অস্ত্রের আঘাত করে পালিয়ে যান। গুরুতর অবস্থায় স্থানীয় ব্যক্তিরা তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে
নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফয়সাল মারা যান।
ভারতে অবস্থানরত কাউন্সিলর মিনহাজের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গত ২৬ মে চিকিৎসার জন্য আমি ভারতে আসি। এরপরও আমাকে মামলায় হুকুমের আসামি করা হয়েছে।’ এ প্রসঙ্গে মামলার বাদী ফাহাদ হোসেন সাংবাদিকদের বলেন, প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বর্ণনা অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আসামি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, এজাহার অনুযায়ী মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।