সাভারে যুবলীগ নেতার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা
আসমা আক্তার (১৯) নামের এক তরুণীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ঢাকার সাভার পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজীব মাহমুদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আসমার বাবা সেলিম ভূঁইয়া গত বুধবার রাতে সাভার মডেল থানায় ওই মামলা করেন। ওই দিন বিকেলে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকার একটি বাসার দ্বিতীয় তলার ভাড়া ফ্ল্যাট থেকে আসমার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার পুলিশ ও আসমার পরিবারের সদস্যরা জানান, রাজীব ব্যাংক কলোনি এলাকার স্থায়ী বাসিন্দা এবং সেখানকার তুলি মাল্টিপারপাস ও রেদোয়ান এন্টারপ্রাইজের পরিচালক। বছর দুয়েক আগে রাজীবের সঙ্গে আসমার পরিচয় হয়। একপর্যায়ে রাজীব আসমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি জানার পর আসমার পরিবার গত বছরের মে মাসে আসমার বিয়ে দেয়। কিন্তু বিয়ের পরের দিনই স্বামীর বাড়ি থেকে পালিয়ে বাবার বাড়ি চলে আসেন আসমা।
রাজীবের প্রতিবেশীরা জানান, রাজীব ব্যাংক কলোনির একটি বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। তাঁর স্ত্রী-সন্তান মাঝেমধ্যে ওই বাসায় আসতেন। মাঝেমধ্যে আসমাকেও ওই ফ্ল্যাটে দেখেছেন। গত বুধবার সকাল সোয়া আটটার দিকে তাঁরা আসমাকে ওই ফ্ল্যাটে ঢুকতে দেখেন। বিকেলে তাঁর মা এসে ওই ফ্ল্যাটের দরজায় অনেক ধাক্কা দিয়েও সাড়া পাননি। পরে পুলিশ এসে দরজা ভেঙে দেখতে পায় ফ্যানের সঙ্গে আসমার মৃতদেহ ঝুলছে।
আসমার বাবা সেলিম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘বিয়ের পরও প্রতারক রাজীবের মিথ্যা আশ্বাসের কারণে আমার মেয়ে স্বামীর সংসার করেনি। কিন্তু এর পরও রাজীব মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। এ কারণেই ক্ষোভে ও কষ্টে আমার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।’
এদিকে ঘটনার পর থেকে রাজীব ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক। বুধবার বিকেল থেকে রাজীবের মুঠোফোন বন্ধ।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সামসুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে রাজীবের সঙ্গে আসমার পরকীয়া ছিল। রাজীব বিয়ে করতে রাজি না হওয়ায় আসমা তাঁর ভাড়া ফ্ল্যাটে গিয়ে আত্মহত্যা করেন।