সাভারে রাতের আঁধারে লাশ গুম করা হয়েছে: খালেদা জিয়া
সাভারে ভবনধসের ঘটনায় মৃতের সংখ্যা কম দেখানোর জন্য রাতের আঁধারে লাশ গুম করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘অনেকে বলছেন ৯০০ লাশ গায়েব হয়েছে গেছে, অনেকে বলছেন এক হাজার ৬০০ মানুষ মারা গেছে। কতজন মারা গেছে, তার প্রকৃত হিসাব সরকারকে দিতে হবে।’গত বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বালুর মাঠে এক শ্রমিক সমাবেশে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এ অভিযোগ করেন। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘সাভারে এত মানুষ হত্যা করলেন, অথচ লাশ ফেরত দিচ্ছেন না, আবার লাশ কম দেখাচ্ছেন।’মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল এ জনসভার আয়োজন করে। প্রায় ৩৫ মিনিটের বক্তব্যে খালেদা জিয়া সাভারে চলমান শ্রমিক আন্দোলনের প্রতি সমর্থন জানানো ছাড়াও পদ্মা সেতু, শেয়ারবাজারসহ সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি সাভারের ঘটনায় আহত ব্যক্তিদের প্রত্যেককে ২০ লাখ টাকা করে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।খালেদা জিয়া দাবি করেন, সাভারে ভবনধসের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে সেনাবাহিনী পাঠানো হলে আরও জীবন রক্ষা পেত। কিন্তু সেনাবাহিনী দায়িত্ব পেয়েছে অনেক পরে। সরকার যদি তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা শুরু করত, তাহলে আরও প্রাণ বাঁচানো যেত। কিন্তু সরকার সেটাকে গুরুত্ব দেয়নি। তিনি বলেন, দখল করা জায়গায় রানা প্লাজা নির্মাণ করা হয়েছিল। পাঁচতলার ভিত্তি থাকলেও নয়তলা করা হয়েছে। হরতালের দিন বেতন দেওয়ার কথা বলে শ্রমিকদের ডেকে আনা হয়েছিল। জোর করে শ্রমিকদের ভবনে ঢুকিয়ে গেটে তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। খালেদা জিয়া বলেন, জনগণের ভয়ে প্রধানমন্ত্রী সেখানে যেতে পারেননি। সাভারে ভবনধসে সবকিছু শেষ হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী সেখানে গেছেন।