সাভারে রিকশাচোর চক্র সক্রিয়
সাভারের বখতারপুর এলাকার শাহীন মিয়া ডুবে থাকেন নেশার জগতে। ভরণপোষণ তো দূরের কথা, স্ত্রী-সন্তানের খোঁজখবরও রাখার সময় নেই তাঁর। আর এই স্বামীর মুখের দিকে তাকিয়ে না থেকে একদিন সংসারের হাল ধরেন স্ত্রী ছালমা বেগম। কিস্তিতে তিনটি রিকশা কিনে শুরু করেন ভাড়ার ব্যবসা। সংগ্রামী এই নারী জীবনযুদ্ধে হেরে গিয়ে পথে বসেছেন সংঘবদ্ধ রিকশাচোরের কারণে।ছালমা জানান, গত দুই বছরে তাঁর ১০টি রিকশা চুরি হয়েছে। বাকি তিনটি থেকে ৫ ফেব্রুয়ারি আরেকটি চুরি হয়। ভাড়ার আয় থেকে তিনি একসময় সংসার চালিয়ে কিস্তির টাকা পরিশোধ করে কিছু সঞ্চয়ও করতেন। আর সেই জমানো টাকায় বছর-বছর কিনতেন নতুন রিকশা।জানা গেছে, ঢাকার সাভারের বিভিন্ন এলাকায় রিকশাচোরের একাধিক সংঘবদ্ধ চক্র রয়েছে। এসব চক্রের সদস্যসংখ্যা কমপক্ষে ৩০০। এদের নিয়ন্ত্রণ করে অর্ধশত প্রভাবশালী ব্যক্তি, যারা দালাল হিসেবে পরিচিত। এসব দালালের ছত্রচ্ছায়ায় সাভারের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ রিকশা চুরি হয়। চুরির পর ওই সব দালালের সঙ্গে যোগাযোগ করে পাঁচ থেকে ছয় হাজার টাকা দিলেই তা ফেরত পাওয়া যায়।রিকশা চুরি হয় নানা কৌশলে। চোরেরা যাত্রীবেশে ভাড়া নিয়ে চালকদের নানা অজুহাতে ব্যস্ত রেখে সুযোগ বুঝে রিকশা নিয়ে সটকে পড়ে। এরপর ওই রিকশা চলে যায় আশুলিয়া, গাজীপুর ও টঙ্গী এলাকায়। টাকা পাওয়ার পর দালালেরা দিনভর ঘুরিয়ে কোনো নির্জন স্থান থেকে মালিকদের রিকশা বুঝিয়ে দেয়।৫ ফেব্রুয়ারি সাভার পৌর এলাকার রেডিও কলোনি থেকে চুরি হয় ছালমা বেগমের একটি রিকশা। চালক আলাউদ্দিন জানান, ওই দিন দুপুর ১২টার দিকে অপরিচিত এক ব্যক্তি নষ্ট একটি মোটরসাইকেল গ্যারেজে নেওয়ার কথা বলে তাঁর রিকশা ভাড়া নেন। এরপর ১০০ গজ দূরে একটি মোটরসাইকেল দেখিয়ে তা ঠেলে আনার জন্য আলাউদ্দিনকে সেখানে নিয়ে যান। মোটরসাইকেলের কাছে গিয়েই যাত্রীবেশী ওই প্রতারক চাবি ফেলে রেখে আসার কথা বলে রিকশাচালককে চাবি আনতে পাঠান। চালক আলাউদ্দিন সেখান থেকে ফিরে রিকশা পাননি। পরে ওই প্রতারককেও আর খুঁজে পাওয়া যায়নি।রিকশা হারানোর পর ছালমা ৭ ফেব্রুয়ারি মুঠোফোনে যোগাযোগ করেন দালাল শাজাহানের সঙ্গে। শাজাহান তাঁকে পাঁচ হাজার টাকা নিয়ে সাভার বাসস্ট্যান্ড এলাকায় যোগাযোগ করতে বলেন। কথামতো তিনি টাকা নিয়ে ওই দিন (৭ ফেব্রুয়ারি) দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শাজাহানকে তাঁর মুঠোফোনে ফোন করেন। এরপর এ-জায়গা ও-জায়গা ঘুরিয়ে একটি নির্জন স্থানে গিয়ে শাজাহান টাকা নেন। টাকা পাওয়ার পর ওই দিন সন্ধ্যায় আশুলিয়া এলাকা থেকে তাঁর রিকশা ফেরত দেওয়া হয়।সাভারের কোটবাড়ী এলাকার হায়দার আলীর একসময় ১২টি রিকশা ছিল। একটি একটি করে তাঁর সব কটি রিকশাই চুরি হয়ে গেছে। হায়দার এখন একটি রিকশার গ্যারেজে কাজ করে সংসার চালান।দীর্ঘদিন ধরে রিকশা দিয়ে ভাড়ার ব্যবসা করেন সাভার উত্তর পাড়ার জিতু। তাঁর বর্তমানে ৩০টি রিকশা রয়েছে। জিতু জানান, প্রতি মাসেই তাঁর পাঁচ থেকে ছয়টি করে রিকশা চুরি যায়। দালাল শাজাহানকে টাকা দিয়ে চুরি যাওয়া রিকশা ফেরত নেন তিনি। গত মাসে দুটি রিকশা চুরি যায় সাভারের ঘোড়াদিয়ার মাসুম মোল্লার। পরে টাকা দিয়ে উদ্ধার করেন তিনি। মাসুম জানান, শাজাহান, জাহাঙ্গীরসহ আরও অর্ধশতাধিক দালাল রয়েছে। তাদের টাকা দিলেই চুরি যাওয়া রিকশা ফেরত পাওয়া যায়।উত্তর পাড়ার রিকশা গ্যারেজের মালিক ভবেশ চন্দ্র পাল, আড়াপাড়ার জাহাঙ্গীর হোসেন ও ভাটপাড়ার মাসুম জানান, সাভারে কমপক্ষে দেড় হাজার লোক রিকশা ভাড়ার ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিন গড়ে এসব ব্যবসায়ীর কমপক্ষে ১৫০ থেকে ২০০ রিকশা চুরি যায়। তাঁরা জানান, নতুন একটি রিকশার দাম ১৩ থেকে ১৪ হাজার টাকা। এ কারণেই মালিকেরা দালালদের মাধ্যমে রিকশা সংগ্রহ করেন। আর থানায় মামলা করলে নানা হয়রানির পাশাপাশি অর্থ ব্যয় হয়। কিন্তু সুফল পাওয়া যায় না। মুঠোফোনে যোগাযোগ করা হলে দালাল শাজাহান ও জাহাঙ্গীর টাকার বিনিময়ে চুরি যাওয়া রিকশামালিকদের ফেরত দেওয়ার কথা স্বীকার করে বলেন, মালিকদের কাছ থেকে টাকা নিলেও তাঁরা উপকৃত হন।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উল্যাহ বলেন, রাজধানীসহ সাভারের বিভিন্ন এলাকায় নিয়মিত রিকশা চুরি হচ্ছে। আবার টাকার বিনিময়ে মালিকদের ফেরত দেওয়া হচ্ছে। একাধিক চক্র নিয়মিত এসব করে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত মালিকেরা এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেন না। এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায় না।