সাভারে রেকার বিলের নামে ঘুষ-বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং নবীনগর-কালিয়াকৈর সড়কে চলাচলকারী যানবাহন থেকে নানা অজুহাতে রেকার বিলের নামে ট্রফিক পুলিশ ও রেকার চালকেরা অর্থ আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই অর্থের বেশির ভাগই সরকারি কোষাগারে জমা পড়ছে না।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সাভার ও আশুলিয়া এলাকায় ট্রাফিক বিভাগের দুটি রেকার রয়েছে। সড়ক ও মহাসড়ক যানজটমুক্ত রাখতে দুর্ঘটনাকবলিত এবং বিকল যানবাহন অপসারণের জন্য এ দুটি রেকার ব্যবহার করা হয়। এ জন্য বড় গাড়ির ক্ষেত্রে দুই হাজার এবং ছোট গাড়ির জন্য এক হাজার টাকা বিল নির্ধারণ করা রয়েছে। এর সুযোগ নিয়ে ট্রাফিক সার্জেন্ট ও রেকার চালকেরা সচল গাড়িও থানায় নিয়ে যাওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন যানবাহন থেকে অর্থ আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
যানবাহনের মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রাফিক সার্জেন্ট ও রেকার চালকেরা সাভার বাসস্ট্যান্ডসহ আশুলিয়ার নবীনগর, বাইপাইল এবং জামগড়া এলাকা থেকে প্রতিনিয়ত পণ্যবাহী ট্রাক, বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা (হ্যালোবাইক) আটক করে রেকারের সাহায্যে থানায় নিয়ে যাওয়ার ভয় দেখান। দর-কষাকষির পর ৫০০ থেকে এক হাজার ৫০০ টাকা দিলেই থানায় না নিয়ে যানবাহন ছেড়ে দেওয়া হয়। তবে কোনো রশিদ দেওয়া হয় না।
সাভার পৌর এলাকার কোটপাগার এলাকার শহীদুল ইসলাম, জামসিং মহল্লার সানোয়ার হোসেন এবং আশুলিয়ার বিশমাইল এলাকার মেহেদি হাসান ব্যাটারিচালিত অটোরিকশা চালান। ৫ এপ্রিল সকালে অটোরিকশা নিয়ে তাঁরা গাবতলীর দিকে যাচ্ছিলেন। সাভারের নিউমার্কেটের সামনে পৌঁছালে ট্রাফিক পুলিশ পর্যায়ক্রমে যান তিনটিকে আটক করে। ওই তিন ব্যক্তি জানান, রেকার বিল নেওয়ার ভয় দেখিয়ে ট্রাফিক পুলিশ তাঁদের কাছে তিন হাজার টাকা দাবি করেন। বেলা আড়াইটা পর্যন্ত পুলিশের সঙ্গে তাঁদের দর-কষাকষি চলে। স্থানীয় সাংবাদিকেরা বিষয়টি জানার পরপরই রেকারের সাহায্যে যান তিনটি থানায় নিয়ে যায় পুলিশ। এরপর এক হাজার টাকা করে রেকার বিল আদায় করে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ট্রাফিক পুলিশের সার্জেন্ট আবু বক্কর সিদ্দিক বলেন, যোগাযোগমন্ত্রীর নির্দেশে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেওয়া হয় না। এর পরও কোনো অটোরিকশা মহাসড়কে চলাচল করলে তা আটক করা হয় এবং রেকার বিল রেখে ছেড়ে দেওয়া হয়। ৫ এপ্রিল আটক করা ওই অটোরিকশার চালকদের কাছে কোনো ঘুষ চাওয়া হয়নি বলে তিনি দাবি করেন।
৭ এপ্রিল রেকারচালক রতিশ চন্দ্র বিশ্বাস একটি অটোরিকশা আটক করেন এবং ৮০০ টাকা ঘুষ নিয়ে কোনো রশিদ ছাড়াই যানটি ছেড়ে দেন। ওই যানটির চালক জাফর আলী বলেন, সাভার বাসস্ট্যান্ডের কাছ থেকে রতিশ তাঁর অটোরিকশাটি আটক করে সাভার মডেল থানার পাশে নিয়ে যান। প্রায় তিন ঘণ্টা দর-কষাকষির পর ৮০০ টাকা দিলে জুয়েল নামের আরেক রেকারচালক যানটি ছেড়ে দেন। এ জন্য তাঁকে কোনো রশিদ দেওয়া হয়নি। রেকারচালক জুয়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের আংশিক স্বীকার করেন।
সাভার নামাবাজার এলাকার এক ব্যবসায়ী বলেন, ১৫ দিন আগে ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা আশুলিয়ার নবীনগর এলাকায় তাঁর প্রতিষ্ঠানের পণ্যবোঝাই একটি ট্রাক আটক করেন। এরপর রেকারের সাহায্যে ট্রাকটি থানায় নিয়ে যাওয়ার ভয় দেখান তিনি। চালক থানায় যেতে অপারগতা প্রকাশ করলে তাঁর কাছে রেকার বিল বাবদ দুই হাজার টাকা দাবি করা হয়। পরে এক হাজার টাকা দিয়ে তিনি ছাড়া পান। এ জন্য তাঁকে কোনো রশিদ দেওয়া হয়নি।
আরও অনেক পরিবহনমালিক ও চালক এ প্রতিবেদকের কাছে একই ধরনের ঘটনার বর্ণনা দিয়েছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ট্রাফিক পুলিশের সাভারের পরিদর্শক মো. ফরহাদ হায়দার বলেন, নানা কারণে আটক যানবাহনের চালকেরা থানায় যেতে অপারগতা প্রকাশ করেন। এ কারণে রেকারের সাহায্যে যানবাহন থানায় নিয়ে রেকার বিল আদায় করা হয়। রেকার বিলের নামে ঘুষ-বাণিজ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।