সাভারে র্যাবের পোশাকে ব্যবসায়ীর সাড়ে তিন লাখ টাকা ছিনতাই
ঢাকার সাভারের শ্যামপুর এলাকায় গতকাল রোববার নিকাইল হোসেন নামের এক ব্যবসায়ীর সাড়ে তিন লাখ টাকা ছিনতাই হয়েছে। দুর্বৃত্তরা র্যাবের পোশাক পরে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যায়।ব্যবসায়ী নিকাইল হোসেন জানান, জনৈক নাজিম উদ্দিনের কাছে তিনি সাড়ে তিন লাখ টাকা পেতেন। তাঁর দেওয়া চেকের মাধ্যমে গতকাল দুপুর দুইটার দিকে মার্কেন্টাইল ব্যাংকের হেমায়েতপুর শাখা থেকে এই টাকা তুলে তিনি রিকশাযোগে বাড়ি যাচ্ছিলেন। শ্যামপুর এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস গিয়ে তাঁর রিকশার গতিরোধ করে। র্যাবের পোশাকে তিনজন এবং সাদা পোশাকে আরও চারজন মাইক্রোবাস থেকে নেমে তাঁকে সন্ত্রাসী বলে মারধর শুরু করে। একপর্যায়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ক্রসফায়ারের হুমকি দিয়ে তাঁর চোখ বেঁধে ফেলে। পরে তাঁকে মাইক্রোবাসে তুলে সাভার থানায় নিয়ে যাওয়ার কথা বলা হয়। আধা ঘণ্টা গাড়ি চালানোর পর তাঁর কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছে চলন্ত মাইক্রোবাস থেকে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এ ব্যাপারে সাভার থানায় মামলা হয়েছে। সাভারের নবীনগরে অবস্থিত র্যাব-৪-এর সাভার ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাহ মিজান-উল-হক বলেন, ঈদ সামনে রেখে পুলিশ ও র্যাবের পোশাক পরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। এই দুর্বৃত্তদের ধরার চেষ্টা চলছে।