সাভারে লাইন মেরামত হয়নি, বের হচ্ছে গ্যাস

সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় বংশী নদীর তলদেশ দিয়ে নেওয়া তিতাসের সঞ্চালন লাইন মেরামত করা সম্ভব হয়নি। লাইনের ফেটে যাওয়া অংশ দিয়ে আজ সোমবারও তীব্র বেগে গ্যাস বের হতে দেখা গেছে।
তিতাস সাভার ব্যবস্থাপকের কার্যালয় সূত্র জানায়, বালুবাহী ট্রলারের ধাক্কায় আমিনবাজার থেকে সাভার পর্যন্ত সঞ্চালনের কিছু অংশ ফেটে যাওয়ায় গতকাল রোববার বিকেল থেকে সেখান দিয়ে তীব্র গতিতে গ্যাস বের হতে থাকে। ঘটনার ১১ ঘণ্টা পর আজ সকাল সাড়ে ১০টার দিকে মেরামতের কাজে অভিজ্ঞ তিতাসের এক ঠিকাদার কয়েকজন কর্মী নিয়ে ঘটনাস্থলে যান। তাঁরা নদীর দক্ষিণ তীরে খোঁড়াখুঁড়ি করে চলে যান।
ঠিকাদার মো. সেলিম বলেন, দিনভর খোঁড়াখুঁড়ি করে লাইনের কোনো হদিস পাওয়া যায়নি। আগামীকাল মঙ্গলবার খননযন্ত্র দিয়ে মাটি খুঁড়ে পাইপলাইন শনাক্ত করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় একটি মসজিদের ইমাম খায়রুল ইসলাম ও দত্তপাড়া এলাকার এরশাদ মিয়াসহ আরও কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সঞ্চালন লাইনের ফেটে যাওয়া অংশ দিয়ে দুই বছরেরও বেশি সময় ধরে বুদ বুদ আকারে গ্যাস বের হচ্ছিল। বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তিতাস সাভারের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা হচ্ছে। আগামীকালের মধ্যে লাইনটি মেরামত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দুর্ঘটনার পরও লাইনটি বন্ধ না করা প্রসঙ্গে সিরাজুল ইসলাম বলেন, ওই লাইনের আওতায় শতাধিক কারখানাসহ চার হাজার আবাসিক সংযোগ রয়েছে। এ কারণে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়নি।