সাভারে লুটের গয়নাসহ যুবকের লাশ উদ্ধার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থানার পুলিশ গতকাল সোমবার ফ্যান্টাসি কিংডমের পেছন থেকে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে। তাঁর কাছ থেকে গত রোববার রাতে পীযূষ জুয়েলার্স থেকে লুট হওয়া একটি চেইন ও দুটি কানের দুল উদ্ধার করা হয়েছে। এ অবস্থায় লাশটি ওই ব্যবসাপ্রতিষ্ঠানের স্বর্ণ ও রুপার গয়না লুটের সঙ্গে জড়িত এক ডাকাতের বলে পুলিশ দাবি করেছে। দোকান মালিকের ভাই তপন কুমার দেও উদ্ধার হওয়া গয়না তাঁদের বলে দাবি করেন।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ৮-১০ জন মুখোশধারী ডাকাত বলিভদ্র বাজারের শমসের প্লাজার পীযূষ জুয়েলার্স থেকে স্বর্ণ ও রুপার গয়না লুটের পর মাইক্রোবাসযোগে পালাচ্ছিল। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে। সড়কের জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে পুলিশ ডাকাতদের মাইক্রোবাস লক্ষ্য করে গুলি করে। ডাকাতেরা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম দাবি করেন, পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়ার সময় বিস্ফোরিত হয়ে এক ডাকাতের দুই হাতের কবজি উড়ে যায়। পরে তাঁকে ফেলে রেখে অন্য ডাকাতেরা পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওই ডাকাত মারা যায়। গতকাল দুপুর আড়াইটার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। আর মাইক্রোবাসটি গতকাল সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুর থেকে উদ্ধার করা হয়। লাশের প্যান্টের পকেট থেকে গয়নাগুলো উদ্ধার করা হয়।
সরেজমিনে দেখা গেছে, জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের পেছনের যে স্থান থেকে (সরু গলি) লাশটি উদ্ধার করা হয়েছে সেখানে মাইক্রোবাস নিয়ে যাওয়া সম্ভব নয়। লাশটির দুই হাতের কবজি উড়ে যাওয়ার পুলিশের দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন জানান, যেহেতু ডাকাতির কাজে ব্যবহূত মাইক্রোবাসটি কল্যাণপুর থেকে উদ্ধার হয়েছে, সেহেতু ডাকাতেরাও রাজধানী পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। আর মাইক্রোবাসে সেখানে পৌঁছাতে পারলে নিহত কোনো সদস্যকে ফেলার জন্য ঝুঁকি নিয়ে তাদের মূল রাস্তা থেকে ভেতরে যাওয়ার কথা নয়।