সাভারে শতবর্ষী খাল ভরাট করছেন পৌর কাউন্সিলর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের ব্যাংক টাউন এলাকায় শতবর্ষী কর্ণপাড়া খালটি মাটি ও আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্বয়ং সাভার পৌরসভা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর খালটি ভরাট করার সঙ্গে জড়িত।ঐতিহ্যবাহী এ খাল অবৈধভাবে দখল করা বন্ধের জন্য পদক্ষেপ নিতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমানকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এর পরও ভরাটের হাত থেকে রেহাই পাচ্ছে না খালটি। গতকাল বুধবার সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে খাল ভরাটের কাজ অব্যাহত থাকতে দেখা গেছে।কর্ণপাড়া খালসংলগ্ন পশ্চিম ব্যাংক টাউন এলাকার বাসিন্দারা জানান, কর্ণপাড়া খালটি বংশী নদী থেকে তুরাগ নদ পর্যন্ত বিগত ১০০ বছর ধরে প্রবহমান। ২০০ ফুটেরও বেশি প্রশস্ত খালটি গোসল করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজে এলাকাবাসীর কাছে ব্যাপক গুরুত্ব বহন করে থাকে। তবে খালটির উত্তর পাড়ে ডায়িং কারখানাসহ বিভিন্ন ধরনের কলকারখানা স্থাপিত হওয়ায় বর্তমানে এমনিতেই এর অস্তিত্ব হুমকির মধ্যে পড়েছে। এসব কারখানার তরল বর্জ্য খালের পানিতে ফেলা হয়। এতে দূষিত হয়ে পড়েছে পানি। এ ছাড়া কারখানাগুলোর কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে তীর ভরাট করায় ক্রমশ সরু হতে হতে বর্তমানে খালের প্রশস্ততা ৭০-৮০ ফুটে নেমে এসেছে। আর এবার দক্ষিণ পাড়ে মাটি ফেলে পুরো খালটিই ভরাট করে ফেলা হচ্ছে। স্থানীয় কাউন্সিলর আমিনুর রহমান খালের ভরাট করা অংশে মার্কেট নির্মাণ করবেন বলে তাঁরা জানতে পেরেছেন।পশ্চিম ব্যাংক টাউন এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন বলেন, দেড় বছরেরও বেশি সময় ধরে আবর্জনা ফেলে খালটির দক্ষিণ পাড় ভরাট করে যাচ্ছে সাভার পৌরসভা। আর কাউন্সিলর আমিনুর রহমানের লোকজন মাস খানেক ধরেই সেখানে মাটি ফেলে খালটি ভরাট করা শুরু করেছেন।গতকাল সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের কর্ণপাড়া সেতু থেকে ২০০ গজ পশ্চিমে খালের দক্ষিণ পাড়ে মাটি ফেলে ভরাটের কাজ চলছে। খাল ভরাটের জন্য মাটি ও আবর্জনা আনা হচ্ছে ট্রাকে করে। প্রায় ২০০ ফুট এলাকাজুড়ে মাটি ফেলে ইতিমধ্যেই খালটির প্রশস্ততার প্রায় ৮০ ভাগই ভরাট করে ফেলা হয়েছে। জনসাধারণের চলাচলের সুবিধার্থে খালের ওপর একটি বাঁশের সাঁকো হয়েছিল। খাল ভরাটের স্বার্থে সেটিও ভেঙে ফেলা হয়েছে।যেখানে মাটি ও আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে, সেটি সিএস খতিয়ান অনুযায়ী কর্ণপাড়া খালের জায়গা বলে নিশ্চিত করেছে সাভার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্র। সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সহ-সাধারণ সম্পাদক খন্দকার ম. হামিদ বলেন, অবৈধ দখলদারদের কারণে কর্ণপাড়া খালের অস্তিত্ব এখন বিলীন হওয়ার পথে। এ দখল কার্যক্রম চলছে সাভার পৌরসভা ও স্থানীয় প্রশাসনের পৃষ্ঠপোষকতায়।খাল দখলের এ অভিযোগের বিষয়ে কথা বলতে এই প্রতিবেদক গত কয়েক দিনে মুঠোফোনে বার কাউন্সিলর আমিনুর রহমানের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেন। তবে প্রতিবারই তাঁর ব্যক্তিগত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। সর্বশেষ গতকাল তাঁর বাড়ি গেলে জানানো হয়, কাউন্সিলর আমিনুর রহমান বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন। শতবর্ষী ওই খালটি আবর্জনা ফেলে ভরাট করা প্রসঙ্গে জানতে চাওয়া হয় সাভার পৌরসভার সচিব ইমরোজ মুজিবের কাছে। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অবশ্য পৌরসভার পরিচ্ছন্নতা কর্মকর্তা মাজহারুল ইসলাম দাবি করেন, খাল নয়, পৌর মেয়রের নিজের জমিতে আবর্জনা ফেলা হচ্ছে। যোগাযোগ করা হলে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর রাশেদ প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে সাভার পৌরসভার কাউন্সিলর আমিনুর রহমান ও সাভার পৌরসভার বিরুদ্ধে অবৈধভাবে মাটি ও আবর্জনা ফেলে খাল দখলের অভিযোগের সত্যতা মিলেছে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, অবৈধভাবে খাল ভরাটের অভিযোগ পেয়ে মঙ্গলবার সরেজমিনে পরিদর্শনে পরিবেশ অধিদপ্তরের দল পাঠানো হয়েছিল। দখলের প্রমাণ পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।