সাভারে শিক্ষার্থী সিফাত হত্যার ঘটনায় মামলা
ঢাকার সাভারে গুলিবিদ্ধ হয়ে বেসরকারি সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সিফাত উল্লাহ নিহত হওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ফারুক আহম্মেদ সাভার থানায় মামলাটি করেন।
মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অন্তত ২৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আটক বাপ্পী, এজানুরসহ চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, সিটি ইউনিভার্সিটির ছাত্র বাপ্পী ও শাহেদের মধ্যে রোববার কথা-কাটাকাটি হয়। এর জেরে সোমবার মোটরসাইকেলে করে বাপ্পীসহ ১০-১২ জনের একটি দল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মহড়া দেয়। তখন বিশ্ববিদ্যালয়ের হলের ছাত্ররাতাদের ধাওয়া দেন। ধাওয়ার মুখে এলোপাতাড়ি গুলি ছুড়ে তারা পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র সিফাত ঘটনাস্থলেই নিহত হন। আর পিঠে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন একই বিভাগের শেষ বর্ষের ছাত্র বাসু দেব মণ্ডল। ওই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাপ্পী ও এজানুর এবং তাঁদের সহযোগী মোশাররফ হোসেন ও সোহেলকে আটক করে।