সাভারে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, বাস ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দোতলা বাসের মধ্যে রেখেই বাসটি ভাঙচুর করেছেন পরিবহনশ্রমিকেরা৷ এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন৷ গতকাল সোমবার বিকেলে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এ ঘটনা ঘটে৷
এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেল থেকে প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন৷ রাত পৌনে ১০টা পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে চলে যান৷ পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা মহাসড়ক অবরোধ করে ভাঙচুরের ঘটনায় অবহেলার অভিযোগ তুলে প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগ দাবি করেন৷
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বেলা তিনটার দিকে শিক্ষার্থীদের নিয়ে ভাড়ায় চালিত বিআরটিসির একটি দোতলা বাস ক্যাম্পাস থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়৷ সাভারের ব্যাংক টাউন এলাকায় ভিলেজ লাইন সার্ভিসের একটি বাস ওই দোতলা বাসকে অতিক্রম করার সময় বাসটির কাচ ভেঙে যায়৷ এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা গাবতলী পৌঁছে বাসটি আটকান এবং চালক ও তাঁর সহকারীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন৷ একপর্যায়ে বাসচালক ও তাঁর সহকারীরা টার্মিনালের অন্যান্য লোকজন নিয়ে দোতলা বাসটি ভাঙচুর করতে যান৷ এ সময় দোতলা বাসের চালক স্বয়ংক্রিয় দরজাটি বন্ধ রেখেই পালিয়ে যান৷ এতে শিক্ষার্থীরা ভেতরে আটকা পড়েন৷ ওই অবস্থায় পরিবহনশ্রমিকেরা বাসটি ভাঙচুর করেন৷ এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন৷
এ ঘটনা শিক্ষার্থীরা মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের জানান৷ বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে ভিলেজ লাইন সার্ভিসের আরিচাগামী তিনটি ও ঢাকাগামী দুটি বাস ভাঙচুর করেন৷ এতে মহাসড়কে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়৷
প্রক্টরিয়াল বডির সদস্যদের অনুরোধে শিক্ষার্থীরা মহাসড়কের এক পাশ উন্মুক্ত রাখেন৷ এ সময় অল্প কিছু যানবাহন চলাচল করে৷ সন্ধ্যা পৌনে ছয়টার দিকে রাজধানী থেকে ফেরত আসা শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে চার দফা দাবি জানান৷ এগুলো হচ্ছে, শিক্ষার্থীদের বহনকারী বাস ভাঙচুরকারীদের ক্যাম্পাসে এসে ক্ষমা চাওয়া, ক্ষতিপূরণ, শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সব বাসের কাউন্টার স্থাপন করা৷
প্রক্টরিয়ার বডির সদস্যরা শিক্ষার্থীদের দাবি আজ মঙ্গলবার পূরণের আশ্বাস দেন৷ রাত পৌনে ১০টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে চলে যান৷ কিন্তু সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে ফের অবরোধ করেন এবং শিক্ষার্থীদের চার দফা দাবির পাশাপাশি প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগের দাবি জানান৷
ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে এই প্রক্টরিয়াল বডির সদস্যরা ব্যর্থ৷ তাই তঁারা পদত্যাগের দাবি তুলেছেন৷
ছাত্রলীগের দাবির ব্যাপারে সহকারী প্রক্টর জুলকার নাইন বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আমাদের সমঝোতা হয়ে গেছে৷ কিন্তু ছাত্রলীগ এই আন্দোলনকে কেন্দ্র করে অযৌক্তিক দাবি জানাচ্ছে৷’