সাভারে শিবিরের পাঁচ সশস্ত্র কর্মী গ্রেপ্তার
রাজধানীর উপকণ্ঠ সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিস্তল, ১৮টি গুলি ও ১০টি ককটেলসহ বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়।
এ নিয়ে গত তিন দিনে পুলিশ সাভারের বিভিন্ন এলাকা থেকে আটজনকে গ্রেপ্তার করেছে। এরা সবাই শিবির ও বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার রাতে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অণুজীব বিজ্ঞান বিভাগের ছাত্র হাবিবুর রহমান (২০), নৃবিজ্ঞান বিভাগের ইমাম হোসেন (১৯), সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের নূরে আলম (২২) ও ইতিহাস বিভাগের নিজাম উদ্দিন (২৬) এবং ঢাকা কলেজের ছাত্র মোস্তাকিন বিল্লাহ (২০)। গতকাল তাঁদের ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাভার মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, মঙ্গলবার গেন্ডা এলাকার যে বাড়ি থেকে শিবিরের ক্যাডারদের গ্রেপ্তার করা হয়েছে ওই বাড়ির মালিক মিন্টু গাজী ঢাকার কেরানীগঞ্জের বিএনপির নেতা। তাঁর প্রশ্রয়েই ওই বাড়ির সাততলায় নিয়মিত জঙ্গি প্রশিক্ষণ চালানো হতো। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া মোস্তাকিন ঢাকা কলেজ শাখা শিবিরের সভাপতি। তাঁর বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রামে। মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির দেলোয়ার হোসেনের বাড়িও ওই এলাকায়।
এর আগে গত রোববার সাভারের ফুলবাড়িয়া এলাকা থেকে ১০টি ককটেলসহ রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার শিবিরের এক রোকনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা নাশকতার পরিকল্পনা করছিলেন বলে পুলিশ দাবি করেছে।
সাভার মডেল থানার দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, সাভার ও আশুলিয়ায় ছদ্ম পরিচয়ে বাসা ভাড়া নিয়ে নানা অপকর্ম করে যাচ্ছে জঙ্গিরা। মঙ্গলবার রাতে গেন্ডা থেকে গ্রেপ্তার ব্যক্তিরা শিবিরের সশস্ত্র ক্যাডার। তাঁরা ওই বাসায় থেকে গোপন বৈঠক করে অর্থ সংগ্রহের পরিকল্পনা করতেন। তাঁরা ককটেলও বানাতেন। অভিযানকালে তাঁদের এসব কর্মকাণ্ডের প্রমাণও পাওয়া গেছে। রাজধানীর খুব কাছে হওয়ায় জঙ্গিরা সাভারে আস্তানা গেড়েছে। বিভিন্ন এলাকায় মেস ভাড়া নিয়ে তারা গোপনে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কিন্তু ধরা পড়ছে কম সংখ্যক।
গত ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংকে ডাকাতি ও আটজন হত্যার ঘটনায় জড়িত জঙ্গিরাও আস্তানা গেড়েছিলেন আশুলিয়াসহ এর আশপাশের এলাকায়। তদন্তসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যাংক ডাকাতির মূল পরিকল্পনাকারী আবদুল্লাহ আল বাকি থাকতেন আশুলিয়ার জামগড়া এলাকায়। পুলিশ তাঁকে ধরতে পারেনি। থানা-পুলিশ সূত্র জানায়, ব্যাংক ডাকাতির ঘটনায় জঙ্গিদের সহায়তার অভিযোগে শাজাহান নামে একজনকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি আশুলিয়ার আড়াগাঁও এলাকায়। এ নিয়ে এ পর্যন্ত ওই ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের ১০ জনই জঙ্গি সংগঠনের সদস্য।