সাভারে শিশু ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের আউখপাড়া গ্রামের শিশু ইব্রাহীম (১৩) হত্যা মামলার প্রধান আসামি ও তার ভগ্নিপতি জামাল উদ্দিন (৩০) খুন হয়েছেন। পুলিশ গত মঙ্গলবার রাতে আশুলিয়ার আউখপাড়া থেকে তাঁর লাশ উদ্ধার করে।আশুলিয়া থানার পুলিশ জানায়, নিহত জামাল উদ্দিনের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে গতকাল বুধবার আশুলিয়া থানায় হত্যা মামলা করেছেন। মামলায় জামালের অষ্টম স্ত্রী হাসিনা বেগম (২০) ও তাঁর বাবা পরশ আলীকে আসামি করা হয়েছে। এর আগে ৬ জুলাই ছেলে ইব্রাহীম হত্যার ঘটনায় পরশ আলী বাদী হয়ে জামাতা জামাল উদ্দিন ও তাঁর বাবা বাদশা মিয়াসহ ওই পরিবারের আরও দুজনকে আসামি করে সাভার থানায় হত্যা মামলা করেন।সাভার ও আশুলিয়া থানার পুলিশ জানায়, মাস সাতেক আগে বিরুলিয়ার কালিয়াকৈর গ্রামের জামালের সঙ্গে একই ইউনিয়নের আউখপাড়া গ্রামের হাসিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পর স্বামী জামালের বহু বিয়ের খবর জানতে পেরে হাসিনা বাড়ি চলে যান। এরপর অনেক চেষ্টা করেও জামাল তাঁকে বাড়ি নিতে পারেননি। এতে ক্ষিপ্ত হয়ে জামাল মাঝেমধ্যে শ্বশুরবাড়ি গিয়ে হাসিনাকে মারধর করতেন। এসব নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে। ওই ঘটনার জের ধরে ৬ জুলাই জামাল তাঁর শ্যালক ইব্রাহীমকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করেন বলে অভিযোগ করা হয়েছে। ইব্রাহীম খুনের ছয় দিন পর জামাল উদ্দিন খুন হলেন।আশুলিয়া থানার পুলিশ জানায়, মঙ্গলবার রাত আড়াইটার দিকে খবর পেয়ে পুলিশ আউখপাড়ায় একটি আবাসন কোম্পানির খোলা স্থান থেকে জামালের লাশ উদ্ধার করে। তাঁর বাঁ পা দেহ থেকে বিচ্ছিন্ন ছিল। গতকাল সকালে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।নিহত জামালের ভাই সাইফুল ইসলাম অভিযোগ করেন, ‘ছেলে হত্যার বদলা নিতেই ভাইয়ের শ্বশুর পরশ আলী ও তাঁর মেয়ে হাসিনা আমার ভাইকে খুন করেছেন।’পরশ আলী এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জামাল আগেও সাতটি বিয়ে করেছিলেন। ওই সব স্ত্রী ও তাঁদের পরিবারের সঙ্গে জামালের সম্পর্ক ভালো ছিল না। আমার ছেলে খুন হওয়ার পর অন্য কেউ জামালকে খুন করার পরিকল্পনা করেন, যাতে সহজেই খুনের দায়ভার আমার ওপর চাপানো যায়।’আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াসুর রহমান বলেন, জামালকে হত্যার উদ্দেশ্যে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকলে জবাই না করে পা কেটে ফেলার কারণ তাঁর কাছে বোধগম্য নয়। তবে পা কেটে ফেলায় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, শ্যালক ইব্রাহীম হত্যার সঙ্গে ভগ্নিপতি জামাল খুন হওয়ার কোনো যোগসূত্র আছে কি না তা তদন্ত ছাড়া বলা মুশকিল। তবে আগের হত্যার বদলা নিতে পরের হত্যাকাণ্ডটি হতে পারে এমন সন্দেহ অমূলক নয়।