সাভারে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি বাড়ানোর দাবিতে ঢাকার সাভারের কর্ণপাড়া এলাকায় অবস্থিত প্রাইড গ্রুপের মালিকানাধীন ‘এইচ আর টেক্সটাইল’ মিলের শ্রমিকেরা গতকাল সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা কয়েকটি যানবাহনও ভাঙচুর করেন। এ সময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সাভার থানার পুলিশ ও শ্রমিকেরা জানান, কয়েক দিন ধরেই কারখানার শ্রমিকেরা নতুন মজুরিকাঠামো বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিলেন। কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি উপেক্ষা করায় কারখানার প্রায় দুই হাজার শ্রমিক গতকাল সকাল আটটার দিকে কর্মস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে সকাল সোয়া আটটার দিকে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে কারখানাসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। উত্তেজিত শ্রমিকেরা মহাসড়কে থেমে থাকা কয়েকটি যানবাহনের কাচ ভাঙচুর করেন। খবর পেয়ে সাভার থানা ও শিল্পাঞ্চল পুলিশসহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাঁদের শান্ত করে। সকাল নয়টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়ে পুনরায় কাজে যোগ দেন। শ্রমিকেরা অভিযোগ করেন, সরকার-ঘোষিত নতুন মজুরিকাঠামো অনুযায়ী প্রাইড গ্রুপের মালিকানাধীন পোশাকশ্রমিকদের বেতন বাড়ানো হলেও টেক্সটাইল শ্রমিকদের বেতন বাড়ানো হয়নি। এ জন্য তাঁরা কয়েক দিন ধরে বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু মালিকপক্ষ তাঁদের দাবির প্রতি গুরুত্ব না দেওয়ায় তাঁরা সোমবার আন্দোলনে নামেন। শ্রমিকদের এই অভিযোগ অস্বীকার করে এইচ আর টেক্সটাইল মিলসের পরিচালক আবদুল্লাহ মঈন জানান, মার্চ মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতনের সঙ্গে বাৎসরিক ইনক্রিমেন্ট দেওয়ার ঘোষণা দেওয়া হলেও শ্রমিকেরা অহেতুক আন্দোলনে নামেন।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সমঝোতার পর শ্রমিকেরা কাজে যোগ দেন।