সাভারে শ্রমিক পুলিশ সংঘর্ষ আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারের কলমা এলাকায় গতকাল মঙ্গলবার সকালে সিপিএম কম্পোজিট নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা কারখানা ভাঙচুর করে সড়ক অবরোধ করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কারখানাটির সহস্রাধিক শ্রমিককে গত তিন মাস ধরে বেতন না দিয়ে নানা টালবাহানা করে আসছিল কর্তৃপক্ষ। এ অবস্থায় গত সোমবার কারখানাটি বন্ধ করে দেওয়ার গুজব ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা এদিন তাৎক্ষণিক এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকেরা গতকাল সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে কারখানার মূল ফটকের সামনে জড়ো হয়ে বকেয়া বেতনসহ নিয়ম অনুযায়ী পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে শ্রমিকেরা কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর করেন।
এতে পুলিশ বাধা দিলে শ্রমিকেরা বেলা ১১টার দিকে কারখানা থেকে বের হয়ে কারখানাসংলগ্ন সিঅ্যান্ডবি-আশশুলিয়া সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ সময় পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর চড়াও হন। পুলিশ লাঠিপেটা শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
শ্রমিকেরা জানান, অধিকাংশ শ্রমিক তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। এর মধ্যে কারখানাটি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে মালিকপক্ষ।
শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, মালিকপক্ষ ২০ ফেব্রুয়ারি বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে।