সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ নারায়ণগঞ্জে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতন ও বন্ধ কারখানা খোলার দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরের ফা অ্যাপারেলসের শ্রমিকেরা গতকাল বুধবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন৷ এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০ শ্রমিক আহত হন৷
এদিকে পোশাকশ্রমিকদের জন্য সরকারঘোষিত নতুন মজুরিকাঠামো অনুযায়ী বেতন-ভাতা পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন৷
ফা অ্যাপারেলসের শ্রমিক ও পুলিশ জানায়, গতকাল সকাল আটটার দিকে কয়েক শ শ্রমিক কারখানার সামনে উপস্থিত হয়ে বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে বিক্ষোভ শুরু করেন৷ একপর্যায়ে তাঁরা কারখানায় ভাঙচুর করে কারখানাসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন৷ পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে তুলে দেওয়ার চেষ্টা করে৷ কিন্তু শ্রমিকরা অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন৷ প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখার পর পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে৷ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বেধে যায়৷ পরে পুলিশ রাবারের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়৷ এ সময় অন্তত ১০ জন শ্রমিক আহত হন৷ কারখানা বন্ধ থাকায় এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি৷
শিল্প পুলিশ আশুলিয়া জোনের সহকারী পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, বিজিএমইএ ও কারখানা কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের উদ্যোগ না নেওয়ায় গতকাল শ্রমিকেরা ভাঙচুর ও বিক্ষোভ করেন৷
নারায়ণগঞ্জ শহরের নাজ অ্যান্ড রার্স এবং নিকিতা পোশাক কারখানার শ্রমিকেরা দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন৷
শ্রমিকদের অভিযোগ, সরকার পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরিকাঠামো ঘোষণা করলেও কারখানা দুটির মালিক তা কার্যকর করেননি৷ তাঁরা পুরোনো মজুির কাঠামোতেই বেতন-ভাতা দিচ্ছেন৷