সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ডিএনএস নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে গতকাল মঙ্গলবার সকালে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটার পাশাপাশি কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ব্যবহার করে। এতে কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হন। শিল্প পুলিশ সূত্র জানায়, কাজ না থাকায় এক মাসেরও বেশি সময় ধরে কারখানাটিতে উৎপাদন বন্ধ রয়েছে। উৎপাদন বন্ধ থাকলেও শ্রমিক ও কর্মকর্তারা নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকতেন। এ অবস্থার মধ্যেও শ্রমিকদের গত মাসের বেতন-ভাতা পরিশোধ করা হয়। কিন্তু কর্মকর্তাদের বেতন বকেয়া রাখা হয়।শ্রমিকেরা কারখানার বর্তমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সদুত্তর না পেয়ে মালিকের সঙ্গে কথা বলার দাবি জানান। কিন্তু প্রতিষ্ঠানটির মালিক মাহমুদ নবী শ্রমিকদের সঙ্গে আলাপ-আলোচনা করতে রাজি না হলে শ্রমিকদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁরা চলতি মাসের বেতনের জন্য কর্মকর্তাদের চাপ দিতে থাকেন। শ্রমিকদের দাবির মুখে কর্মকর্তারা গতকাল কর্মস্থলে না গিয়ে কারখানা বন্ধ রাখেন।শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকেরা গতকাল সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে কারখানা বন্ধ দেখে উত্তেজিত হয়ে পড়েন। সকাল সাড়ে ১১টার দিকে তাঁরা কারখানাসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে সাভার থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। কিন্তু শ্রমিকেরা পুলিশের কথায় অবরোধ তুলে না নিয়ে যানবাহন ভাঙচুরের চেষ্টা চালান। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বেধে যায়। দুপুর ১২টার দিকে শ্রমিকেরা চলে গেলে পরিস্থিতি শান্ত হয়।শ্রমিকেরা অভিযোগ করেন, কাজ না থাকলে মালিকপক্ষ নিয়ম অনুযায়ী বেতন-ভাতা পরিশোধ করে তাঁদের বিদায় করে দিতে পারেন। সে বিষয়ে মালিকপক্ষের কাছ থেকে নিশ্চিত কোনো বক্তব্য না পাওয়ার কারণে তাঁরা কর্মস্থলে উপস্থিত হয়ে নিয়মিত হাজিরা দিয়ে যাচ্ছিলেন। কিন্তু কর্মকর্তারা তাঁদের সঙ্গে আলোচনা না করে কারখানা বন্ধ করে গা ঢাকা দেন। এ কারণেই তাঁরা আন্দোলনের পথ বেছে নেন।মাহমুদ নবীর বরাত দিয়ে আবদুল বাতেন বলেন, আগামী ৫ জানুয়ারির মধ্যে শ্রমিক আর ১০ তারিখের মধ্যে কর্মকর্তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে।