উপযুক্ত ক্ষতিপূরণ ও দোষীদের বিচারের দাবিতে সাভারে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনস এবং ধসে পড়া রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের স্বজনেরা গতকাল সোমবার শোক র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছেন। বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
ক্ষতিগ্রস্ত শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তাজরীন ফ্যাশনসের নিহত শ্রমিকদের স্মরণে গতকাল সকালে কারখানার মূল ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, ছাত্র ঐক্য ফোরাম ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। এর আগে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে আশুলিয়ার ছয়তলাএলাকা থেকে একটি শোক র্যালি বের করা হয়।
বেলা ১১টায় রানা প্লাজার সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। সমাবেশ থেকে তাজরীন ও রানা প্লাজার শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সমাবেশে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখ্তার জানান, ২৪ তারিখ যেন শ্রমিক হত্যারই তারিখ। ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীনের অগ্নিকাণ্ডে প্রাণ হারান শতাধিক শ্রমিক ও ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে চাপা পড়ে মারা যান হাজারো শ্রমিক। এত বড় দুর্ঘটনার পরেও সরকারের তেমন কোনো মাথাব্যথা নেই। এখনো অনেক ঝুঁকিপূর্ণ কারখানা রয়েছে। সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাজরীন ও তোবার মালিক দেলোয়ার হোসেন জামিনে বের হয়ে ঘুরে বেড়াচ্ছেন। রানা প্লাজা হত্যাকাণ্ডে জড়িতরা একে একে ছাড়া পেয়ে যাচ্ছেন। ভয়াবহ এ ভবনধসের ঘটনায় এখনো তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেননি। এ ব্যাপারে সরকারের শ্রম মন্ত্রণালয়, শ্রমমন্ত্রী বা পরিদর্শকের কারও তৎপরতা চোখে পড়ছে না।
তাসলিমা আখ্তার আরও জানান, রানা প্লাজা ধসের ১৯ মাস পার হলেও শ্রমিকেরা উপযুক্ত ক্ষতিপূরণ পাননি। ক্ষতিপূরণের জন্য বিদেশ থেকে যে টাকা এসেছে, তার পুরোটা শ্রমিকদের না দিয়ে ভিক্ষার মতো অনুদান দেওয়া হয়েছে।
এদিকে, গতকাল বিকেল পাঁচটায় আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে সমাবেশের আয়োজন করে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। সভায় বক্তারা তাজরীনের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন।
সভায় গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব জানান, তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের দুই বছর পার হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ পাননি। ১১৯ জন শ্রমিক মারা গেলেও সরকারিভাবে ক্ষতিপূরণ পেয়েছেন ১১২ জন। বাকি সাতজন শ্রমিকের লাশ আজ পর্যন্ত শনাক্ত না হওয়ায় তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না।
উভয় সমাবেশে আরও উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সদস্যসচিব জুলহাস নাইন, কেন্দ্রীয় সদস্য দীপক রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহসভাপতি আবদুর রাজ্জাক, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাভার-আশুলিয়া শাখার সভাপতি সৌমিত্র কুমার দাশ প্রমুখ।