সাভারে শ্রমিককে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসে পড়ার ঘটনায় আহত এক নারী পোশাকশ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন। আর্থিক সহায়তা দেওয়ার প্রলোভন দিয়ে মুঠোফোনে ডেকে নিয়ে গত বৃহস্পতিবার তাঁকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পরদিন শাহাবুদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷ তবে শাহাবুদ্দিন ওই শ্রমিককে ধর্ষণ করার অভিযোগ অস্বীকার করেছেন৷
গ্রেপ্তার হওয়া শাহাবুদ্দিনের (৫৬) বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলায়। তিনি রানা প্লাজার সামনে চা বিক্রি করতেন। তিনি সাভার পৌর এলাকার ব্যাংক কলোনিতে বাস করেন৷
ধর্ষণের শিকার হওয়া পোশাকশ্রমিক রানা প্লাজার সাততলায় নিউওয়েব স্টাইল নামের পোশাক কারখানায় কাজ করতেন। তিনি থাকতেন সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লায়। ভবন ধসের ঘণ্টা খানেক পর ধ্বংসস্তূপের ভেতর থেকে তাঁকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ধর্ষণের অভিযোগে তিনি গত শুক্রবার সাভার থানায় শাহাবুদ্দিনের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন৷
মামলার এজাহারে ওই পোশাকশ্রমিক উল্লেখ করেন, আগের পরিচয়ের সূত্র ধরে শাহাবুদ্দিন গত বৃহস্পতিবার তাঁকে মুঠোফোনে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়ার প্রলোভন দেখান। ওই টাকার জন্য শাহাবুদ্দিন তাঁকে ব্যাংক কলোনির বাসায় যেতে বলেন। টাকা আনার জন্য ওই দিন সন্ধ্যা সাতটার দিকে তিনি শাহাবুদ্দিনের বাসায় যান। এরপর নানা অজুহাতে তাঁকে রাত ১১টা পর্যন্ত শয়নকক্ষে বসিয়ে রাখা হয়। এরপর ওই কক্ষে আটকে রেখে শাহাবুদ্দিন তাঁকে সারা রাত ধর্ষণ করেন৷
সাভার থানা সূত্রে জানা গেছে, মামলা দায়েরের পর শুক্রবার বিকেলে পুলিশ শাহাবুদ্দিনকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে শনিবার সকালে আদালতে পাঠিয়ে দেয়৷ পরে আদালত তাঁকে জেলহাজতে পাঠিয়ে দেন। গতকাল রোববার ডাক্তারি পরীক্ষার জন্য ওই পোশাকশ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গত শনিবার শাহাবুদ্দিন দাবি করেন, রানা প্লাজার সামনে চা বিক্রি করার সুবাদে অনেকের সঙ্গেই তাঁর পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে তিনি এর আগে ওই পোশাকশ্রমিককে একটি সেলাই মেশিন সংগ্রহ করে দিয়েছিলেন। আরও সহায়তার জন্য তিনি তাঁকে বৃহস্পতিবার তাঁর সঙ্গে দেখা করতে বাসায় আসতে বলেছিলেন। তাঁর কথামতো ওই শ্রমিক তাঁর বাসায় গিয়েছিল৷ তবে তিনি তাঁকে ধর্ষণ করেননি।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, মেয়েটির অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত ছাড়া অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব না।