বেতন-ভাতা ও ঈদ বোনাসসহ ক্ষতিপূরণের দাবিতে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক ও নিহত ব্যক্তিদের স্বজনদের গণ-অবস্থান চলছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে তাঁরা বসে আছেন ধসে পড়া রানা প্লাজার সামনে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে তাঁরা ঘোষণা দিয়েছেন।বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও মহিলা পরিষদ সাভার শাখা এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেও দাবি আদায়ে ব্যর্থ হয়ে কয়েক শ শ্রমিক ও নিহত ব্যক্তিদের স্বজনেরা গত মঙ্গলবার বিকেল থেকে রানা প্লাজার সামনে অবস্থান নেন। গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত স্থানীয় প্রশাসন কিংবা বিজিএমইএর পক্ষ থেকে তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এতে গণ-অবস্থানে অংশ নেওয়া শ্রমিক ও স্বজনদের মধ্যে ক্ষোভ বাড়ছে।গণ-অবস্থানে অংশ নিয়েছেন নিহত শ্রমিক শামসুন্নাহারের মা পারভীন বেগম। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা তো এমনেই মরা, তাই রানা প্লাজার সামনে বইসা বইসাই মরি। হগলতেই দেহুক সরকার আমাগো খুঁজ না নেওয়ায় আমরা প্রতিবাদ করতে করতে মইরা গেলাম।’ভবনধসে আহত রানা প্লাজার গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সভাপতি শিউলী আক্তার বলেন, ‘আমাদের তো হরতাল আর সড়ক অবরোধ করে দাবি আদায়ের ক্ষমতা নেই। তাই অবস্থান কর্মসূচির পথ বেছে নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত মরে যাব, কিন্তু আমাদের কর্মসূচি থেকে পিছপা হব না।’যোগাযোগ করা হলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্লা বলেন, ‘বেতন-বোনাসের বিষয়টি দেখার কথা বিজিএমইএ কর্তৃপক্ষের। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের কিছু করার নেই। আমরা তাঁদের জানিয়েছি। তার পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’ তিনি বলেন, ক্ষতিপূরণের বিষয়টি সরকারের উচ্চপর্যায় থেকে দেখা হচ্ছে। অবশ্যই নিয়ম অনুযায়ী সবাই ক্ষতিপূরণের টাকা পাবেন।