সাভারে শ্রমিকদের অবস্থান কর্মসূচি চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতা ও ঈদের বোনাসসহ ক্ষতিপূরণের দাবিতে আজ বুধবারও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সাভারের ধসে পড়া রানা প্লাজা ভবনের ক্ষতিগ্রস্ত শ্রমিক ও নিহত ব্যক্তিদের স্বজনেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে তাঁরা জানিয়েছেন।

দাবি আদায়ের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও নিহত ব্যক্তিদের স্বজনেরা গত রবি ও সোমবার মিছিল বের করলে পুলিশ তাঁদের ওপর হামলা ও লাঠিপেটা করে। এতে অন্তত ৪৫ জন আহত হন। পুলিশের হামলা এড়াতে গতকাল মঙ্গলবার বেলা তিনটা থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ থেকে এই আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হয়।

ঢাকা-আরিচা মহাসড়ক ও কাঁটাতার দিয়ে ঘিরে রাখা রানা প্লাজা ভবনের ধ্বংসস্তূপের বাইরে ফাঁকা জায়গায় দুই শতাধিক লোক এ অবস্থান কর্মসূচি পালন করছেন। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। তারা তাঁবু ও আলোর ব্যবস্থা করেছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্লা প্রথম আলো ডটকমকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য আমাদের স্থানীয়ভাবে কিছু করার সামর্থ্য নেই। হতাহত ব্যক্তিদের স্বজনদের সহায়তা করতে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ উদ্যোগ নিতে পারে। আমরা তাঁদের এই দুর্দশার কথা বিজিএমইএ কর্তৃপক্ষসহ সরকারের উচ্চ পর্যায়ে নিয়মিতই জানাচ্ছি।’