সাভারে শ্রমিকদের তাণ্ডব, ফায়ার স্টেশনে ভাঙচুর

রাজধানীর উপকণ্ঠ সাভারের উলাইল এলাকায় দুজন নারী শ্রমিককে ধরে নিয়ে যাওয়ার গুজবে গতকাল রোববার সকালে ফায়ার সার্ভিস স্টেশনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, কাগজপত্র তছনছ, লুটপাট ও অগ্নিসংযোগ করেছেন পোশাকশ্রমিকেরা।
এ সময় শ্রমিকেরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেন। তাঁদের হামলায় স্টেশনটি পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। হামলার ঘটনার জের ধরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকেরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি জিপ ও পুলিশ ভ্যানসহ অর্ধশত যানবাহন ভাঙচুর করেন। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে আড়াই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
ঘটনার সূত্রপাত যেভাবে: উলাইল এলাকায় বিবদমান প্রতিষ্ঠান আল-মুসলিম গ্রুপের পোশাক কারখানা ও ফায়ার সার্ভিস স্টেশনের কার্যালয়ের অবস্থান পাশাপাশি। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে আল-মুসলিম গ্রুপের একটি শ্রমিক বহনকারী বাসের ধাক্কায় ফায়ার স্টেশনের সামনের একটি সাইনবোর্ড (স্টপ লেখা) পড়ে যায়। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা ফায়ার সার্ভিস কর্মী মেহেদি হাসান এর প্রতিবাদ করলে বাসটির চালকের সহকারী তাঁকে গালিগালাজ করেন। মেহেদি পাল্টা গালি দিয়ে তাঁকে ফায়ার স্টেশনের ভেতরে ধরে নিয়ে যান। এ সময় চালক বাস থেকে নেমে ওই স্টেশনের ভেতরে গিয়ে এর প্রতিবাদ করেন। সেখানে উপস্থিত কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী বিষয়টি মীমাংসা করে চালকের সহকারীকে ছেড়ে দেন।
বাসটি কারখানার ভেতরে যাওয়ার পর এর চালক গুজব ছড়িয়ে দেন যে, দুজন শ্রমিককে ফায়ার স্টেশনের কর্মীরা ধরে নিয়ে গেছেন। এর পরই আল-মুসলিম গ্রুপের কয়েক হাজার শ্রমিক একযোগে ফায়ার স্টেশনে হামলা চালান।
শ্রমিকদের তাণ্ডব: আটটার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা স্টেশনটিতে হামলা চালিয়ে তিনটি অগ্নিনির্বাপক যানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের একটি জিপ ও একুশে টেলিভিশনের সাভার প্রতিনিধির ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেন। এরপর তাঁরা স্টেশন কর্মকর্তা ও কর্মচারীদের দপ্তর এবং ব্যারাকে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে নগদ টাকা ও মুঠোফোন লুটে নেন। এ সময় তাঁরা কয়েকজন ফায়ার সার্ভিস কর্মীকে মারধর করেন। তাঁরা স্টেশনের কম্পিউটার ভাঙচুর করে কাগজপত্র তছনছ করেন। তাঁরা দাপ্তরিক কাগজপত্রসহ একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। সোয়া আটটার দিকে শ্রমিকেরা স্টেশনের ভেতরে অবস্থিত স্টেশন কর্মকর্তা খান খলিলুর রহমানের বাসভবনে হামলা চালিয়ে তাঁকে মারধর করে ভাঙচুর ও লুটপাট চালান।
ফায়ার সার্ভিস কর্মী মোহাম্মদ আলী ও বিল্লাল হোসেন জানান, শ্রমিকেরা তাঁদের ব্যারাকে হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালান। বিক্ষুব্ধ শ্রমিকেরা তাঁদের ট্রাঙ্ক ভেঙে অন্তত তিন লাখ টাকা ও বেশ কয়েকটি মুঠোফোন লুটে নিয়ে যান।
শ্রমিক-পুলিশ সংঘর্ষ: খবর পেয়ে সকাল সোয়া আটটার দিকে সাভার থানা ও শিল্প পুলিশসহ র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। এ সময় শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা থেকে উলাইল পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে থেমে থাকা অন্তত ৫০টি যানবাহন ভাঙচুর করেন। সংঘর্ষ চলাকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ও ১০ কনস্টেবলসহ অন্তত ১০০ শ্রমিক আহত হন। সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খান খলিলুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুজবের ওপর ভিত্তি করে শ্রমিকেরা ফায়ার স্টেশনে তাণ্ডব চালিয়ে তাঁর বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ ব্যারাকে লুটপাট চালান। হামলার কারণে স্টেশনটি পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে বলেও তিনি দাবি করেন।
আল-মুসলিম গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম-নিরাপত্তা) ফরহাদ খান বলেন, গুজব থেকেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউদ্দৌলা বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গতকাল সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
তদন্ত কমিটি: ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস, ঢাকার সহকারী পরিচালক রফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তাঁদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা।
উদ্বেগ প্রকাশ: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে উচ্ছৃঙ্খল শ্রমিকদের অতর্কিত হামলার ঘটনাটিতে মর্মাহত হয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলেন, এমন দুঃখজনক ঘটনা বিভাগের সেবা প্রদানকারী সদস্যদের মনোবলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তাঁরা সচেতন জনগণের সহযোগিতা কামনা করেছেন।