সাভার ও আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সাভার ও আশুলিয়ায় আজ বৃহস্পতিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাভারের বলিয়ারপুরে আজ সকালে এক ট্যাক্সিক্যাব দুর্ঘটনায় দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত দুজন হলেন আবদুস সালাম (৩৫) ও আবদুর রহমান (৩৬)। তাঁদের বাড়ি সাভারের হেমায়েতপুর এলাকায়।
আহত ব্যক্তিরা হলেন ক্যাবের চালক সুমন এবং যাত্রী সালাউদ্দিন, নুরুল ইসলাম ও সোহেল। তাঁদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। হতাহত সবাই সবজি বিক্রেতা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, সকালে বলিয়ারপুর এলাকায় ঢাকাগামী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এরপর বিপরীত দিক থেকে আসা ট্যাক্সিক্যাবের চালক নিয়ন্ত্রণ হারালে ক্যাবটি দুর্ঘটনাকবলিত বাসের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হন। ট্যাক্সিক্যাবের যাত্রীরা ঢাকার মিরপুরে সবজি বিক্রি করে বাড়ি ফিরছিলেন।
এদিকে আজ দুপুর ১২টার দিকে আশুলিয়ার ছয়তলা এলাকার আবদুল্লাহপুর বাইপাইল সড়কে সবুজ নামের একজন পোশাকশ্রমিক হিউম্যান হলারের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।