দাউদকান্দি ও সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলা ও সাভারের বলিয়ারপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সোয়া ১১টা ও গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এসব দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি: আজ বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বারোপাড়া নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাইবান্ধা থেকে ফেনীগামী রুমা পরিবহনের একটি বাসের সঙ্গে কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রুমা পরিবহন বাসের তিন যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও ১৩ জন যাত্রী।

নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোচাদহ গ্রামের স্বপন মিয়া (১৭) ও একই গ্রামের একরামুল হক (৩৬) এবং বগুড়া সদরের জহুরুল ইসলাম (৪৫)। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, লাশ তিনটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সাভার: সাভারের বলিয়ারপুর এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে অপর একটি যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। গতকাল দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন গোলাম মর্তুজা (৫০) ও আতাউর রহমান (৪৮)। তাঁদের বাড়ি সিরাজগঞ্জ সদরে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নিহত দুজন মাইক্রোবাসের ভেতরে পড়ে ছিলেন।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসটি আটক করা হয়েছে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালের ভাষ্য, মাইক্রোবাসের চালক পলাতক। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। অপর যানটি সম্পর্কে কিছু জানাতে পারেননি ওসি।