সাভারে সড়ক সংস্কারের দাবি
ঢাকার সাভার পৌর এলাকার রাস্তাঘাট সংস্কারের দাবিতে গতকাল শনিবার সকালে পদযাত্রা ও মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। সাভার-বিরুলিয়া উন্নয়ন পরিষদসহ ১৮টি সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে।
প্রত্যক্ষদর্শী অনেকে জানান, গতকাল সকাল ১০টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় দুই হাজারের বেশি পৌরবাসী জড়ো হন। সাড়ে ১০টার দিকে ওই বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তাঁরা হাতে হাত ধরে দাঁড়িয়ে যান।
মানববন্ধনে অংশ নিয়ে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন সাভার শাখার মহাসচিব নির্মল রোজারিও, ওয়াইএমসিএর সভাপতি তপন রোজারিও, ধরেন্দা চার্চের সভাপতি ফাদার কমল কুরাইয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবদুল আওয়াল, সাভার চৌরঙ্গী সুপার মার্কেটের সাধারণ সম্পাদক আদম আলী ও সেন্ট যোসেফ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাইকেল রোজারিও বক্তব্য দেন।
নির্মল রোজারিও তাঁর বক্তব্যে বলেন, সাভার-বিরুলিয়া আট কিলোমিটার সড়কসহ সাভার পৌর এলাকার সব কটি সড়ক খানাখন্দে ভরা। এসব সড়কে যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাও কষ্টকর।
একজন নারী নাম প্রকাশ না করে বলেন, মাস খানেক আগে প্রসবব্যথা নিয়ে সাভার-বিরুলিয়া সড়কে সাভারের একটি হাসপাতালে যাওয়ার পথে রিকশা উল্টে পড়ে যান। এতে তাঁর পেটের বাচ্চাটি মরে যায়।
আইনজীবী আওয়াল বলেন, সাভার-বিরুলিয়া সড়কে প্রতিদিন কমপক্ষে ২০ হাজার লোক চলাচল করেন। ভাঙা রাস্তার অজুহাতে যানচালকেরা নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় করে থাকেন।
মানববন্ধন শেষে দুপুর ১২টার দিকে বাসস্ট্যান্ড এলাকা থেকে পদযাত্রা বের করা হয়। পদযাত্রা করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়।