সাভারে সন্ত্রাসী হামলায় আহত যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত যুবক জাহিদ হোসেন (৩২) মারা গেছেন। গতকাল মঙ্গলবার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জাহিদ হোসেন সাভার পৌর এলাকার বনপুকুরের আনোয়ার হোসেনের ছেলে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাজল (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সাভার মডেল থানা পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ১৭ জুলাই বিকেলে লালচান নামে একই এলাকার এক যুবক জাহিদকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর পৌর এলাকার বিনোদবাইদ মহল্লায় নিয়ে কাজল ও লালচানসহ আরও কয়েকজনে মিলে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে যখম করেন। স্থানীয়রা জাহিদকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে তিনি মারা যান। ঘটনার পরের দিন জাহিদের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগ এনে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সামসুজ্জামান বলেন, টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরেই জাহিদকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।