সাভারে সরকারি জমি হাতছাড়া হচ্ছে, কর্মকর্তারা জানেনই না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলা পরিষদ চত্বরের উত্তর পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসার পেছনের সীমানাপ্রাচীর ভেঙে প্রায় চার ফুট ভেতর দিয়ে নতুন করে প্রাচীর নির্মাণ করা হচ্ছে। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সরকারি জমি ছেড়ে দিয়ে এক সপ্তাহ ধরে প্রাচীরটির নির্মাণকাজ চললেও সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ব্যাপারে কিছুই জানেন না।উপজেলা পরিষদের একাধিক কর্মকর্তা ও স্থানীয়রা জানান, নতুন প্রাচীর নির্মাণের কাজ শুরু করার পর আগের প্রাচীরটি ভেঙে ফেলা হচ্ছে। আগের প্রাচীরটি পুরোপুরি ভেঙে ফেলা হলে অন্তত তিন শতাংশ জমি সরকারের হাতছাড়া হয়ে যাবে।সরেজমিনে দেখা গেছে, উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর বাসা থেকে মাত্র ৩০ ফুট দূরে পাঁচ ইঞ্চি প্রশস্ত ইটের গাঁথুনি দিয়ে ২০০ ফুটেরও বেশি লম্বা একটি প্রাচীর নির্মাণ করা হচ্ছে। নির্মাণাধীন ওই প্রাচীর থেকে চার ফুট দূরে পরিষদের উত্তর পাশের সীমানায় আরও একটি প্রাচীর রয়েছে, যা ১৯৮৪ সালে পরিষদ চত্বরের সীমানা নির্ধারণের পর নির্মাণ করা হয়েছিল। আগের সীমানাপ্রাচীরটি ঘেঁষেই রয়েছে আট ফুট প্রশস্ত একটি পাকা রাস্তা। ওই রাস্তার উত্তর পাশ ঘেঁষেই রয়েছে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দারের বাসা। নির্মাণশ্রমিক রবিউল ইসলাম, আলমগীর ও জাহাঙ্গীর হোসেন জানান, আলতাফ হোসেন নামের এক ব্যক্তির নির্দেশে তাঁরা প্রাচীর নির্মাণের কাজ করছেন। প্রাচীর নির্মাণের কাজ শেষ হলে অবমুক্ত অংশে (চার ফুট) রাস্তা নির্মাণ করা হবে।সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলতাফ হোসেন বলেন, কর্তৃপক্ষের নির্দেশেই তিনি প্রাচীর নির্মাণের কাজ করছেন। সরকারি বিধান অনুযায়ী দরপত্রের মাধ্যমে কাজ পেয়েছেন কি না জানতে চাইলে তিনি এ ব্যাপারে পরে কথা বলবেন বলে জানান। ইউএনও রাব্বি মিয়া জানান, ‘জনস্বার্থে সরকারি জমি ছেড়ে দিতে হলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। আর সরকারি জমির ওপর প্রাচীরসহ কোনো স্থাপনা নির্মাণ করতে হলে অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের পর দরপত্র আহ্বানের মাধ্যমে নির্মাণকাজ সমাপ্ত করতে হবে। আর তা বাস্তবায়ন করবে উপজেলা প্রকৌশল বিভাগ। আমার বাসার পেছনে সরকারি জমি ছেড়ে দিয়ে নতুন করে সীমানাপ্রাচীর নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো অনুমোদন নেই। কোনো দরপত্রও আহ্বান করা হয়নি।’উপজেলা প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার বলেন, ‘কারা ওই প্রাচীর নির্মাণ করছেন তা আমার জানা নেই।’উপজেলা চেয়ারম্যান ফিরোজ কবীর বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে উপজেলার সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইউএনওর।’ আর তাঁর বাসার পেছনে সরকারি জমি তছরুপ করে প্রাচীর নির্মাণ করা হলেও তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না।